সাকিবের ফেরা নিয়ে মন্তব্য করা আমার জন্য খুবই ডিফিকাল্ট: সালাহউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
-সাকিবের সঙ্গে আপনার কী কথা হয়েছে?
-সবকিছু তো বলা যাবে না।
বুধবার সাকিব আল হাসানকে নিয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন নিজেকে নিরাপদ অবস্থানে রেখেছেন এভাবে।
বাংলাদেশের জার্সিতে আবারো সাকিব আল হাসানের খেলা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বলা হয়েছে, সাকিবের ফেরার সম্ভাবনা ও সুযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। নানা মাধ্যমে এসেছে, আসছে মার্চে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিবকে চায় বিসিবি। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো কথা বলেনি বিসিবি।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে অন্তত দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বারবার নিজের চাওয়া, প্রত্যাশার কথা বলেছেন বিভিন্ন মাধ্যমে।
সাকিব ইস্যুতে সালাহউদ্দিন খুব বেশি কথা বলার আগ্রহ দেখালেন না, ‘‘এই ব্যাপারে আসলে মন্তব্য করা আমার জন্য খুবই ডিফিকাল্ট।’’ তবে সুযোগ থাকলে সাকিবকে তিনি জাতীয় দলের জার্সিতে দেখতে চান, সেই আগ্রহের কথা জানাতে পিছু পা হননি, ‘‘যদি কেউ বলে সাকিবকে আমি দলে চাই না…তাহলে আমরা এখনো বোকার রাজ্যে বাস করছি। তার থাকায় দলে ব্যালেন্স চলে আসে। একজন বোলার, একজন ব্যাটসম্যান দুদিকেই তাকে পাবেন। সাকিব কেমন ফিট থাকে সেটাও বড় ব্যাপার। এটা (সাকিবকে) যে কেউ চাবে। আমার মনে হয় না, এটা প্রশ্ন করার মতো বিষয়।’’
বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের মাটিতে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি হবে ১২, ১৪ ও ১৬ মার্চ। পাকিস্তান সুপার লিগের কারণে পাকিস্তানের সফরটি হবে দুই ভাগে। মার্চে ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ মে মাসে। ভবিষ্যৎ সফর সূচীতে টি-টোয়েন্টি সিরিজও ছিল। তবে পরিবর্তিত সূচিতে তা বাদ হয়ে গেছে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল