প্রায় শতকোটি ব্যয়ে বিসিবির ১৩৭ উইকেটের উদ্যোগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবকাঠামো উন্নয়ন এবং সারাদেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ১৩৭টি উইকেট তৈরি করার উদ্যোগ নিয়েছে। শুরুতে ৮টি স্টেডিয়ামে সেন্টার উইকেট ও অনুশীলন উইকেট তৈরির উদ্যোগ নিয়েছে বিসিবি। পরবর্তীতে বিভিন্ন জেলা, বিভাগীয় স্টেডিয়ামে সেন্টার উইকেট ও অনুশীলন উইকেট তৈরি করবে বিসিবি। ধাপে ধাপে বিসিবি বিভিন্ন স্থানীয় ক্রিকেট একাডেমি, স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রয়োজন অনুযায়ী উইকেট প্রস্তুত করবে। এজন্য প্রায় ১০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে বিসিবির গ্রাউন্স কমিটি এই উদ্যোগের আদ্যোপান্ত জানান। গ্রাউন্স বিভাগের প্রধান খালেদ মাসুদ পাইলট ভিজিয়ুল প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। প্রথম ধাপে খেলার উপযোগী ও উন্নয়নের জন্য ৮টি স্টেডিয়ামে হাত দেবে বিসিবি। স্টেডিয়ামগুলো হলো- খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি। পরের ধাপে বিসিবি যাবে আরো গভীরে।
প্রেজেন্টেশনে দেখানো হয়, খুলনায় ১৫টি, বরিশালে ২৩টি, কক্সবাজারে ৮টি, বগুড়ায় ১০টি, রাজশাহীতে ১২টি, ফতুল্লায় ১৩টি, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে ১৯টি, পূর্বাচলে ১৩টি উইকেট হবে। অনুশীলন, মূল ম্যাচ ও আউটার মাঠে এ উইকেটগুলো আগামী মে–জুন মাসের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন খালেদ মাসুদ।
প্রাথমিকভাবে চালু হওয়া হাবগুলোতে রোলার, ঘাস কাটার মেশিন, পিচ কাভার, উইকেটের জন্য মাটি ও কংক্রিটের উইকেট দেবে বিসিবি। উইকেটগুলো স্থানীয় কিউরেটররাই তৈরি করবেন জানিয়ে খালেদ মাসুদ সাংবাদিকদের বলেন, ‘‘কিউরেটরদের সঙ্গে এ নিয়ে আলাপ করেছি। সবাইকে শেয়ার করেছি (কীভাবে করতে চাই)। আমরা শুধু বিসিবি থেকে তাদের সাপোর্ট দেব। হয়তো মাটি দিলাম বা এমন। বাকি কাজটা স্থানীয় কিউরেটররাই করবেন। সব দায়িত্ব তাদের কাছে থাকবে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল