ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী আন্দোলনের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ

কেরানীগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
ইসলামী আন্দোলনের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের পক্ষে কাজ করায় তার কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন তেতুলজোড়া ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে এ অভিযোগ করেন মাওলানা জহিরুল ইসলাম। 

আরো পড়ুন:

তিনি বলেছেন, “একটি প্রভাবশালী পক্ষ নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে ইসলামী আন্দোলনের সমর্থকদের নানাভাবে বাধা দিচ্ছে। কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ ও নির্বাচনি প্রচারে অংশ নেওয়া কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও সমর্থকদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি, আমার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ বিষয়ে আমি রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন, নির্বাচনের মাঠে সবাইকে সমান প্রচার করার সুযোগ তৈরী করে দিন।” 

তিনি আরো বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে আমাদের সমর্থকদের আতঙ্কিত করা হচ্ছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

এ বিষয়ে ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শিপন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়