শ্রীলঙ্কা শিবিরে আরেক ধাক্কা
বিশ্বকাপের মাঝপথে আবারও দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে। গতিময় বোলিং আর অদ্ভুত অ্যাকশনে প্রতিপক্ষকে চমকে দেওয়া মাথিশা পাথিরানা চোটের কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ককে।
পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচেই ঘটে অনাকাঙ্ক্ষিত সেই মুহূর্ত। নিজের প্রথম ওভারের মাত্র চার বল করার পর হঠাৎই বাঁ পা চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন পাথিরানা। স্পষ্ট বোঝা যাচ্ছিল, ব্যথা গুরুতর। খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। আর ফিরে আসেননি। যদিও ম্যাচটি আট উইকেটে জিতে নেয় শ্রীলঙ্কা। তবু ড্রেসিংরুমে ছিল উদ্বেগের ছায়া।
পরীক্ষার পর জানা যায়, বাঁ পায়ের পেশিতে টান লেগেছে পাথিরানার। ফলে পুরো টুর্নামেন্ট থেকেই তাকে সরে দাঁড়াতে হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রায় নেমে এল দ্বিতীয় বড় আঘাত। এর আগে টুর্নামেন্টের শুরুতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোটে ছিটকে যান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
মাদুশঙ্কা শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ২০২৫ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজে। চোটের সঙ্গে তিনিও লড়েছেন বেশ কিছুদিন। তবে চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ওমানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিন ওভার বল করেন তিনি। উইকেট না পেলেও ছন্দে ফেরার আভাস ছিল সেখানে।
২৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার এখন পর্যন্ত পনেরোটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, পেয়েছেন পনেরো উইকেট। খরুচে হলেও আক্রমণাত্মক বোলিং তার শক্তি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে একুশ উইকেট নিয়ে দলের সেরা উইকেটশিকারি হয়েছিলেন মাদুশঙ্কা। সেই স্মৃতি এখন আবার শ্রীলঙ্কা শিবিরকে আশাবাদী করে তুলছে।
বিশ্বকাপে শ্রীলঙ্কার সামনে এখন কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বোয় জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে তারা। এরপরই শুরু হবে সুপার এইট পর্ব। যেখানে প্রথম লড়াই ইংল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে।
ঢাকা/আমিনুল