সেই ভিনিসিয়াস ও তার নাচ, এরপর রিয়ালের শেষ ষোলোর হাসি
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ঠিক একই জায়গা। আট দিন আগে-পরে একই পজিশনে দাঁড়িয়ে ভিনিসিয়াস জুনিয়র। গোল করলেন, নাচলেন। প্রতিপক্ষ পাল্টায়নি। পাল্টায়নি প্রতিযোগিতাও। তবে এবার যা পাল্টাল তা হলো, পরিস্থিতি।
আট দিন আগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনফিকার বিপক্ষে গোল করে কর্নার ফ্ল্যাগের সামনে নেচেছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। সেটা ছিল বেনফিকার মাঠে। তার গোলে রিয়াল লিড পায়। কিন্তু নাচের পর বর্ণবাদী গালি শুনেছিলেন বেনফিকার প্রেসতিয়ান্নির মুখে। প্রবল সমালোচনার পর তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ।
আজ দ্বিতীয় লেগে সেই ভিনিসিয়াস আবার গোল করলেন। ৮০ মিনিটে তার করা গোলে রিয়াল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৩-১। রিয়ালের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যায় তার গোলেই।
গোলের পর সেই একই পজিশনে উদযাপন। নাচছেন ভিনি। এবার কোনো মন্তব্য নয়। বরং সান্তিয়াগো বার্নাবু্যতে ভিনিসিয়াস ছড়িয়ে দিয়েছেন জয়ের আনন্দ।
বুধবার রাতে প্লে-অফের ফিরতি লিগে ম্যাচের শুরুতে বেনফিকা চমকে দিয়ে এগিয়ে যায়। রাফা সিলভা ডি বক্সের ভেতরে বল পেয়ে আলতো টোকায় গোল করেন। রিয়াল গোল শোধ করতে বেশি সময় নেয়নি। ২ মিনিটের ব্যবধানে চুয়েমেনির কোনাকুনি শটে রিয়াল আজকের ম্যাচে সমতায় ফেরে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ এগিয়ে যায়। দুই পক্ষের কেউই গোলের দেখা পাচ্ছিল না। সময় যত গড়ায় রিয়াল মাদ্রিদ জয়ের সুবাস পেতে থাকে। তবুও অনিশ্চয়তা, শঙ্কা তো ছিলই। বেনফিকা একটি গোল করলেই আবার সমতা!
দলের সেরা তারকা ভিনিসিয়াস সেই শঙ্কাও দূর করতে দেন ৮০ মিনিটে। ভালভার্দের বাড়ানো পাসে ডি বক্সের ভেতরে বল নিয়ে ঢুকে ডানপায়ের শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর আরও ৯ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। বেনফিকা আর ম্যাচে ফিরতে পারেনি।
রিয়াল মাদ্রিদ ৩-১ ব্যবধানে লিড নিয়ে নিশ্চিত করে ফেলে শেষ ষোলোর টিকিট। আরেক ম্যাচে ঘরের মাঠে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করে শেষ ষোলোর টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে ছিল তারা।
ঢাকা/ইয়াসিন