তাওহীদের সেঞ্চুরির পর সাব্বিরের ঝড়, জিসানের সেঞ্চুরির সঙ্গে বিধ্বংসী মোসাদ্দেক
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দিনের শুরুটা রাঙালেন তাওহীদ হৃদয় ও সাব্বির রহমান। মধ্য দুপুরের পর জিসান আলম হাসলেন। শেষটাতে মোসাদ্দেক হোসেন দেখালেন নিজের কারিশমা।
রাজশাহীতে বিসিএলের তৃতীয় রাউন্ডের খেলায় রান উৎসব হলো। বিসিবি নর্থ জোন ও সেন্ট্রাল জোনের খেলায় মোট রান হলো ৬৪৭। সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি নর্থ জোনের তাওহীদ হৃদয়। ১০২ রান করেন তিনি। তানজিদ তামিম করেছেন ৯২ রান। আর সাব্বির রহমান ৫১ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনজনের ব্যাটে ভর করে ৭ উইকেটে ৩২২ রান করে বিসিবি নর্থ জোন।
জবাব দিতে নেমে সেন্ট্রাল জোনের ওপেনার জিসান আলম সুযোগ পেয়ে ১২৭ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে মাহফিজুল ইসলাম রবিন ৫৪ রান করেন। শেষটায় ২৬ বলে ৫৪ রান করে সেন্ট্রাল জোনকে ২ উইকেটের দারুণ জয় এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এই জয়ে বিসিএলের ফাইনাল নিশ্চিত করলো বিসিবি সেন্ট্রাল জোন। আগে থেকেই বিসিবি নর্থ জোন গিয়েছিল ফাইনালে। আগামী ৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।
টস হেরে ব্যাটিং করতে নেমে বিসিবি নর্থ জোন উড়ন্ত সূচনা পায় তানজিদের ব্যাটে। বাঁহাতি ব্যাটসম্যান বোলারদের কড়া শাসন করেন। কিন্তু অপরপ্রান্তে নাজমুল হোসেন শান্ত (৪) ও লিটন দাস (০) হতাশ হয়ে মাঠ ছাড়েন। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন তানজিদ ও তাওহীদ। ১৩৩ রানের জুটি গড়েন তারা। এ সময়ে দুজনই তুলে নেন ফিফটি।
তানজিদ সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকেন। কিন্তু তার পথ আটকে যায় ৯২ রানে। রিপন মন্ডলের বলে রবিনের হাতে ক্যাচ দেন। ৯ চার ও ৪ ছক্কায় সাজান তার ইনিংসটি। আকবর আলী ২২ রানের বেশি করতে পারেননি।
প্রথমবার সুযোগ পাওয়া সাব্বির এরপর ঝড় তোলেন ২২ গজে। লোকাল বয়ের একের পর এক ছক্কা উপস্থিত সমর্থকদের আনন্দ দ্বিগুনে পরিণত হয়। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেন তিনি। তার শেষের ঝড়েই বিসিবি নর্থ জোনের রান তিনশ পেরিয়ে যায়।
সেন্ট্রাল জোনের পেসার আবু হায়দার রনি ৫৯ রানে পেয়েছেন ৪ উইকেট।
জবাব দিতে নেমে মাঠ মাতান জিসান আলম। আক্রমণাত্মক ব্যাটসমান ৯৩ বলে ১২৭ রান করেন ১৬ চার ও ৫ ছক্কায়। ১৩৬.৫৬ স্ট্রাইক রেটে ধুন্ধুমার ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের হিমশিম খাওয়াচ্ছিলেন। নাঈম শেখ ১০ ও সাইফ হাসান ১৪ রানে আউট হলেও জিসানের মনোবলে চিড় ধরেনি। সেঞ্চুরিতে রাঙান নিজের ইনিংস।
মিডল অর্ডারে মাহফিজুল ৫৪ ও মাহিদুল ৩৯ রান করে লক্ষ্যর পথে এগিয়ে যেতে থাকেন। কিন্তু মোসাদ্দেকের শেষের ঝড়টা বাকি ছিল। ২৬ বলে ডানহাতি ব্যাটসম্যান ৪টি করে চার ও ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
বিসিবি নর্থ জোনের হয়ে রিশাদ হোসেন ৬৫ রানে পেয়েছেন ৩ উইকেট।
দুই দল রাজশাহী থেকে আগামীকাল সকালে ঢাকা ফিরবে। এরপর নেবে ফাইনালের প্রস্তুতি।
ঢাকা/ইয়াসিন