তৃতীয় বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মালিক
ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জনের অবসান টানতে অবশেষে মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তাকে ঘিরে তৃতীয়বার বিয়ের পরিকল্পনার যে খবর ছড়িয়েছে, সেটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে সরাসরি নাকচ করেছেন তিনি। একই সঙ্গে ভিত্তিহীন প্রচার অব্যাহত থাকলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
এক বিবৃতিতে মালিক বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন পর্যায়ে জল্পনা ছড়িয়েছে যে, নীরব থাকা আর সম্ভব হচ্ছিল না। তার অনুমতি ছাড়া অসত্য ও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মালিক জানান, তার প্রথম বিবাহ ২০২৩ সালের শুরুতেই পারস্পরিক সমঝোতায় শেষ হয়েছে। দুজনই সন্তানের দায়িত্ব সম্মানের সঙ্গে ভাগাভাগি করে পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি। বিচ্ছেদের পরই তিনি পুনরায় বিয়ে করেছেন, এই বিষয়টিও পরিষ্কার করেন সাবেক এই অধিনায়ক।
বর্তমানে অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন মালিক। তিনি বলেন, পরিবারের প্রতি সম্মান রেখেই ব্যক্তিগত বিষয়গুলো সবসময় জনসমক্ষে আনেননি। কিন্তু তার এই নীরবতাকে অপব্যবহার করে ভিত্তিহীন গল্প বানানো হচ্ছে। এমনকি কিছু প্রতিবেদনে তাকে এমন ব্যক্তিদের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, যাদের সঙ্গে নাকি তার কখনো দেখা পর্যন্ত হয়নি।
গুঞ্জনের মানসিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালিক। বিশেষ করে স্ত্রী ও ছেলেকে অযথা টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, “এটা আর শুধু গসিপের মধ্যে নেই, বিষয়টি এখন আমার কাছের মানুষদের ক্ষতিগ্রস্ত করছে।”
সবচেয়ে কড়া সুর ছিল তার সন্তানের প্রসঙ্গে। মালিক বলেন, তার ছেলে এখন এতটাই বড় যে এসব খবর পড়তে পারে। অনলাইন জনপ্রিয়তা বা দর্শক টানার জন্য বানানো গল্প পরিবারকে কষ্ট দিচ্ছে।
জনপ্রিয় ক্রীড়াবিদ হিসেবে সমালোচনা বা নজরদারি থাকবে- এ কথা মেনে নিলেও মালিক স্পষ্ট করেন, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটি সীমারেখা থাকা জরুরি। মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
ব্যক্তিগত বিষয় নিয়ে সচরাচর সরাসরি প্রতিক্রিয়া দেন না মালিক। তবে এবার তিনি স্পষ্ট বার্তা দিলেন- অযাচিত গুঞ্জন আর সহ্য করা হবে না।
ঢাকা/আমিনুল