মোস্তাফিজুর-নাহিদ রানারা পিএসএল খেলবেন দর্শকশূন্য স্টেডিয়ামে
বাংলাদেশ থেকে ছয় ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পেয়েছেন।মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ রানারা যাবেন পাকিস্তানে খেলতে।
কিন্তু চলমান পশ্চিম এশিয়ার সংকটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ এবার দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি টুর্নামেন্টটি আগের পরিকল্পনা অনুযায়ী ছয়টি ভেন্যুর বদলে সীমিত করে মাত্র দুটি ভেন্যু-লাহোর ও করাচিতে আয়োজন করা হবে। লাহোরে নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে টুর্নামেন্টের শেষ দিকে দর্শকদের প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে। তিনি বলেন, “এই সংকট হয়তো ১০ দিনেও শেষ হতে পারে, আবার ১৫ দিনও লাগতে পারে।”
পশ্চিম এশিয়ার এই সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক তেলবাজারেও। যার বড় ধাক্কা লেগেছে পাকিস্তানে। বিশেষ করে হরমুজ প্রণালিতে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। নকভি বলেছেন, “জ্বালানি সংকটের কারণে প্রধানমন্ত্রী দেশবাসীকে চলাফেরা সীমিত রাখার আহ্বান জানিয়েছেন। স্কুল বন্ধ করা হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে এবং ঈদের ছুটি বাড়ানো হয়েছে। যুদ্ধ কতদিন চলবে, তা আমরা জানি না।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতি বিবেচনা করে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি পিএসএল নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। কিন্তু একদিকে মানুষকে চলাফেরা কমাতে বলা আর অন্যদিকে প্রতিদিন ৩০ হাজার দর্শককে স্টেডিয়ামে আনা-এটা সম্ভব নয়। তাই সংকট চলাকালীন ম্যাচগুলো দর্শক ছাড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।”
দর্শক না থাকায় যে আর্থিক ক্ষতি হবে, তার ক্ষতিপূরণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হবে বলে জানিয়েছেন নকভি। পাশাপাশি যারা আগে থেকেই টিকিট কিনেছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে। যেসব শহরে এবার আর ম্যাচ আয়োজন করা হবে না, বিশেষ করে পেশোয়ার-যেখানে ২৮ মার্চ একটি ম্যাচ হওয়ার কথা ছিল-তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন এবং জানান, আগামী বছরে আরও বেশি ভেন্যুতে পিএসএল আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “যেহেতু দর্শক থাকছে না, তাই বিভিন্ন শহরে যাওয়ার প্রয়োজনও নেই। এছাড়া আমাদের চলাচল সীমিত রাখতে হবে, যাতে অপ্রয়োজনীয় সম্পদের অপচয় না হয়।”
আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএল ২০২৬। পিএসএলে এবারের আসরে বাংলাদেশের ক্রিকেটারদের বহরটা ভালোই বড়। মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে দলে নেয় লাহোর কালান্দার্স। রিশাদ হোসেনকে পায় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান।
ঢাকা/ইয়াসিন