মোহনপুরে ছুরিকাঘাতে তরুণ খুন
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহীর মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) বিকেলে ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাব্বির (২১)। তিনি বেড়াবাড়ী গ্রামের আলমগীরের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, উপজেলার মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খানের ছেলে মঞ্জুরুল ইসলাম প্রকাশ্যে সাব্বিরকে ছুরিকাঘাত করেন। তার সঙ্গে আরো একজন ছিলেন। মঞ্জুরুলের সঙ্গে সাব্বির বিরোধ ছিল।
পুলিশ জানায়, বিকেলে দিঘির মোড়ে আড্ডা দিচ্ছিলেন সাব্বির। এ সময় কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তার উপর হামলা চালানো হয়। একপর্যায়ে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাসসের হোসেন খান বলেন, “নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।”
ঢাকা/মাহী/রাজীব