ঈদের আনন্দে মুখর ড্রিম হলিডে পার্ক
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীর পাঁচদোনায় প্রায় ৬০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই পার্কটি বিনোদনপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ
ঈদ মানেই আনন্দ। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সারা দেশের মতো নরসিংদীতেও বইছে উৎসবের আমেজ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জেলার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ড্রিম হলিডে পার্কে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। ঈদের দ্বিতীয় দিনে পার্কজুড়ে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে উপভোগ করছেন ঈদের ছুটি। উৎসবের আমেজ আরো বাড়িয়ে তুলতে পার্কটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে।
রাজধানী ঢাকার কাছাকাছি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনায় প্রায় ৬০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই পার্কটি এখন বিনোদনপ্রেমীদের অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, স্পিডবোটসহ আন্তর্জাতিক মানের নানা রাইড। পাশাপাশি ওয়াটার পার্কে কৃত্রিম ঢেউয়ের আনন্দও উপভোগ করছেন দর্শনার্থীরা।
পার্কে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে বয়স্কদের জন্য ৩৫০ টাকা এবং ৩ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য ২২০ টাকা। পরিবার ও বড় গ্রুপের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ সুবিধা, যা দর্শনার্থীদের আগ্রহ আরো বাড়িয়েছে। অনেকেই পার্কের নান্দনিক কটেজে অবস্থান করে পরিবারসহ সময় কাটাচ্ছেন।
ঢাকা থেকে আসা দর্শনার্থী রাশেদ মাহমুদ রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এখানে এসেছি। পরিবেশ খুব সুন্দর, বাচ্চারা দারুণ উপভোগ করছে।”
আরেক দর্শনার্থী সুমাইয়া আক্তার বলেন, “এখানে বিভিন্ন ধরনের রাইড ও ওয়াটার পার্কের সুবিধা থাকায় দিনটা খুব ভালো কাটছে। ঈদের আনন্দটা আরো বেড়ে গেছে।”
নরসিংদীর স্থানীয় দর্শনার্থী তানভীর হাসান বলেন, “বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে খুব ভালো লাগছে। এত সুন্দর আয়োজন আগে দেখিনি।”
ঈদ উপলক্ষে পার্ক কর্তৃপক্ষ নিয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ও সেবার আয়োজন। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে রাখা হয়েছে অতিরিক্ত সুবিধা এবং নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যায়।
পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা জানিয়েছেন, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। নিরাপত্তা ও সেবার মান বাড়ানো হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন।
ঈদের এই উৎসবমুখর পরিবেশে ড্রিম হলিডে পার্ক যেন পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসব গ্রামে। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট এই বিনোদনকেন্দ্র এখন সবার প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
ঢাকা/হৃদয়/রফিক