ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চেন্নাইয়ের প্রথম ‘হল অব ফেমে’ রায়না-হেইডেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৩ মার্চ ২০২৬  
চেন্নাইয়ের প্রথম ‘হল অব ফেমে’ রায়না-হেইডেন

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার ‘হল অব ফেম’ চালু করলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। তাদের প্রথম হল অব ফেমে জায়গা করে নিয়েছেন দুই সুপারস্টার সুরেশ রায়না ও ম্যাথু হেডেন। লম্বা সময় ধরে এই দুই আগ্রাসী ব্যাটসম্যান চেন্নাইয়ের হয়ে খেলেছেন। তাদেরকে ‘হল অব ফেমে’ যুক্ত করে বিরাট সম্মান জানাল চেন্নাই।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘হল অব ফেম’ আছে। এছাড়া এমসিসিসহ বিভিন্ন দেশের, সংস্থার এমনকি ভেনু্যরও ‘হল অব ফেম’ আছে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ছিল অপূর্ণতা। সেখানে পূর্ণতা আনল চেন্নাই। চীপক স্টেডিয়ামে এক ফ্যান ইভেন্টে এই ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে সাবেক অনেক খেলোয়াড়ও একত্রিত হন।
চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে সেদিন ব‌্যাট-বল নিয়ে মেতে উঠেন ক্রিকেটাররা। হেইডেন, রায়না, রাইডু, হাসিরা ক্রিকেট খেলেন ধোনিদের সঙ্গে। যেখানে পারফর্ম করেন এ আর রহমান।

‘হল অব ফেম’ চালুর ঘোষণায় সামাজিক মাধ্যমে রায়না ও হেইডেনকে নিয়ে সামাজিক মাধ্যমে চেন্নাই লিখেছে, “ঐতিহ্য শুরুর আগে… ছিলেন এই দুজন। আমাদের প্রথম হল অফ ফেম সদস্য: সুরেশ রায়না ও ম্যাথু হেইডেন।’ দুজনের হাতেই তুলে দেওয়া হয় স্মারক।

রায়না এখনো চেন্নাইয়ের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক, তার সংগ্রহ ৫,৫২৯ রান। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই ২০২১ সাল পর্যন্ত তিনি চেন্নাইয়ের হয়ে খেলেছেন এবং এই সময়ে চারটি শিরোপা জিতেছেন। মাহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে কয়েকবার দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ে রায়নার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২০১৪ আসরে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

হেইডেন আইপিএলকে পেয়েছিলেন ক্যারিয়ারের একদম গোধূলি বেলায়। আইপিএলের প্রথম তিন মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছেন। ২০০৯ সালের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সেই বছরই তিনি অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। ২০১০ সালে চেন্নাইয়ের প্রথম আইপিএল শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। আইপিএলে এই দলের হয়ে ৩২ ম্যাচে ১৩৭.৫১ স্ট্রাইক রেটে ১১০৭ রান করেছেন।

আইপিএলের যৌথভাবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ও রেকর্ড পাঁচবারের রানার্স আপ দল চেন্নাই। রেকর্ড ১২ বার তারা খেলেছে প্লে-অফে। এবার ‘হল অব ফেম’ চালু করে অনন্য নজীর স্থাপন করলো।

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়