একই দলে অশ্বিন-রউফ, মেজর লিগে ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার
ক্রিকেট দুনিয়ায় বিরল এক দৃশ্যের অপেক্ষা। একই ড্রেসিংরুমে দেখা যাবে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও পাকিস্তানের গতিময় পেসার হারিস রউফকে। মেজর লিগ ক্রিকেটের ২০২৬ মৌসুমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলে যোগ দিয়ে নতুন ইতিহাস গড়েছেন অশ্বিন।
এই চুক্তির মধ্য দিয়ে অশ্বিন হয়ে গেলেন প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি এই লিগে খেলতে নামছেন। এর আগে ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে শুরু থেকেই ইউনিকর্নসের হয়ে খেলছেন রউফ।
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি অশ্বিনের দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০২৫-২৬ মৌসুমে তিনি অস্ট্রেলিয়ার একটি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন। সেখানে পাকিস্তানের শাদাব খানের সঙ্গে খেলার কথা থাকলেও হাঁটুর চোটে ছিটকে যান এবং পরে অস্ত্রোপচার করাতে হয় তাকে।
নতুন এই চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত অশ্বিন। তিনি বলেন, “এই লিগ গত কয়েক মৌসুমে প্রমাণ করেছে, বিশ্বমানের ক্রিকেট আয়োজন করতে পারে তারা। একই সঙ্গে স্থানীয় প্রতিভাকেও তুলে ধরছে। এমন একটি দলে খেলার সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ছিল না।”
তিনি আরও বলেন, “প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এখানে খেলাটা বড় দায়িত্ব। আমি সেটি সাদরে গ্রহণ করছি। আমার লক্ষ্য একটাই, দলকে জেতানো এবং প্রথম শিরোপার জন্য লড়াই করা। পাশাপাশি দর্শকদের দারুণ ক্রিকেট উপহার দেওয়া।”
দলের প্রধান কোচ ক্যামেরন হোয়াইটও অশ্বিনকে পেয়ে দারুণ খুশি। তার ভাষায়, “ম্যাচ জেতানোর ক্ষমতা আর ক্রিকেটীয় বুদ্ধিমত্তার কথা বললে অশ্বিনের নাম সবার ওপরে থাকবে। তাকে দলে পাওয়াটা আমাদের জন্য বিশাল অর্জন।”
ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক আনন্দ রাজরামনও একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। তিনি বলেন, “বিশ্ব ক্রিকেটের একজন আইকনকে দলে পাওয়া শুধু আমাদের জন্য নয়, পুরো লিগের জন্যই গুরুত্বপূর্ণ। তার অভিজ্ঞতা ও দক্ষতা মাঠে আমাদের বড় সুবিধা দেবে।”
আন্তর্জাতিক ক্যারিয়ারে অশ্বিন টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৫০০ এর বেশি উইকেট। সবচেয়ে দ্রুত ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্বও তার দখলে। পাশাপাশি ১১ বার সিরিজসেরা হয়ে তিনি ভাগ বসিয়েছেন মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে সর্বোচ্চ পুরস্কারের রেকর্ডে।
সব মিলিয়ে, এক দলে ভারত ও পাকিস্তানের দুই তারকার একসঙ্গে খেলা শুধু ক্রিকেটীয় দিক থেকেই নয়, প্রতীকী দিক থেকেও বড় ঘটনা
ঢাকা/আমিনুল
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী