দুই বছর পর জাতীয় নাট্যশালায় ফিরছে ‘প্রাঙ্গণেমোর’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ফিরছে দেশের অন্যতম শীর্ষ নাট্যদল প্রাঙ্গণেমোর। নাট্যকর্মীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই মঞ্চে দলটির প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত টানা তিন দিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে দলটির দর্শকপ্রিয় দুটি প্রযোজনা ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।
গত দুই বছর জাতীয় নাট্যশালায় মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর নিয়মিতভাবে নাটক প্রদর্শন করেছে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। তবে নিজেদের মূল মঞ্চে ফেরার এই মুহূর্তকে বিশেষভাবে স্মরণীয় করে তুলতে নিয়েছে নানা প্রস্তুতি।
দলনেতা ও অভিনেতা অনন্ত হিরা জানান, ১ মে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুর-এর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘শেষের কবিতা’। নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা নিজেই, আর নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে নাটকটি এবার সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভাবনায় মঞ্চে আসছে।
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির ও নাঈম ইসলামসহ আরও অনেকে।
এরপর ২ ও ৩ মে মঞ্চায়িত হবে নাট্যসম্রাট উৎপল দত্ত-এর বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি আজও সমকালীন বাস্তবতায় প্রাসঙ্গিক—এমনটাই মনে করে দলটি।
এই প্রযোজনার নির্দেশনায়ও রয়েছেন অনন্ত হিরা। এতে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম।
সব মিলিয়ে, দীর্ঘ বিরতির পর জাতীয় নাট্যশালায় প্রাঙ্গণেমোরের এই প্রত্যাবর্তন নাট্যপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক বিশেষ উৎসবের উপলক্ষ।
ঢাকা/রাহাত/লিপি
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী