ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমিনুলের বোর্ডের আরো ৩ ‘উইকেটের পতন’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ৫ এপ্রিল ২০২৬  
আমিনুলের বোর্ডের আরো ৩ ‘উইকেটের পতন’

একের পর এক পদত্যাগে অস্থির হয়ে উঠছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । প্রশাসনিক অচলাবস্থা আর অনিশ্চয়তার ছায়া যত ঘন হচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে বিদায়ের তালিকা। গতকাল এক সন্ধ‌্যাতেই পদত‌্যাগ করেছেন বিসিবির ৪ পরিচালক।

গতকাল ছিল বোর্ডের চতুর্থ পরিচালনা পর্ষদ সভা। আমিনুল ইসলাম বিসিবির সভাপতি। বোর্ডের বয়স ৬ মাসও হয়নি। অথচ এখন পর্যন্ত ৭ বোর্ড পরিচালক পদত‌্যাগ করেছেন। বোর্ড সভায় অংশ নিয়ে নিজের পদত‌্যাগ পত্র জমা দিয়ে বেরিয়ে যায় ফায়াজুর রহমান মিতু। ৯ ঘণ্টার দীর্ঘ বোর্ড সভার পর পদত‌্যাগ করেছেন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। রাতে বিসিবি সভাপতি আমিনুলের কাছে নিজের পদত‌্যাগপত্র পাঠান মনজুর আলম।

ফায়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া ঢাকার লিগগুলো আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ছিলেন ভাইস চেয়ারম্যানের ভূমিকায়। বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদে ক্লাব কোটায় পরিচালক হয়েছিলেন ফায়াজুর। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বোর্ড থেকে সরে গেলেন। ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শানিয়ান। সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব। ক্লাব কোটায় নির্বাচিত হয়ে আসা এই দুই পরিচালকও ব‌্যক্তিগত কারণে পদত‌্যাগ করেছেন।

এর আগে গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। গত ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালক পদ থেকেই সরে দাঁড়ান আমজাদ হোসেন। গত ৩ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। তিনি ছিলেন লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান। গুঞ্জন আছে, আরও আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করার কথা ভাবছেন।

কেন পরিচালকরা পদত‌্যাগ করছেন তা নিয়ে শনিবার বোর্ড সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শেষে জানতে চাওয়া হয়েছিল। পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘‘এটা নিয়ে আসলে আমাদের নতুন করে কোনো আলোচনা হয়নি। আপনারা দেখেছেন যারা পদত্যাগ করেছেন তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সুতরাং এটা তাদের বিষয়।’’

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়