ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘নেক্সট উইকেট’ প্রোগ্রাম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১২ এপ্রিল ২০২৬  
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘নেক্সট উইকেট’ প্রোগ্রাম

ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে যুক্তরাষ্ট্র নানা উদ্যোগ নিচ্ছে। নিজেরা ক্রিকেট খেলছে। আন্তর্জাতিক ইভেন্টগুলোর আয়োজকও হচ্ছে। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হয়েছিল তারা। ২০২৮ যুক্তরাষ্ট্র অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত করা হয়েছে।  

টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কে জোরদার করার চেষ্টায় তারা। সেই পরিকল্পনায় বাংলাদেশের সঙ্গে ‘নেক্সট উইকেট’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। যার আওতায় বাংলাদেশ থেকে ১০ জন পেশাদার ক্রিকেট ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং পরবর্তী থেকে যুক্তরাষ্ট্র থেকে ১০ জন এসে বাংলাদেশে প্রশিক্ষণ নেবেন। পুরো প্রোগামটি দেখভাল করবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস। 

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে ও বাংলাদেশের নববর্ষ উদযাপনে শনিবার বাংলাদেশ ক্রিকেট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের মধ্যকার একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলায়। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে উপস্থিত ছিলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ঐতিহ্যের ব্যাপারে ধারণা দেন ক্রিস্টেনসেন।

“ক্রিকেট আমাদের ঐতিহ্যেরও একটি অংশ। আর খেলাধুলা এমন একটি মাধ্যম, যা মানুষকে একত্রিত করে। বাংলাদেশের জনপ্রিয় এই খেলাটির মাধ্যমে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছি, আনন্দ ভাগাভাগি করছি এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও মজবুত করছি।”

‘নেক্সট উইকেট’ প্রোগ্রাম নিয়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি ‘নেক্সট উইকেট’ কর্মসূচির, যা যুক্তরাষ্ট্রের একটি স্পোর্টস ডিপ্লোম্যাসি উদ্যোগ ও বাংলাদেশে ক্রিকেটকে কেন্দ্র করে পরিচালিত হবে। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশের ১০ জন ক্রিকেট পেশাজীবী যুক্তরাষ্ট্র সফর করবেন এবং আগামী বছর ১০ জন মার্কিন ক্রিকেট পেশাজীবী বাংলাদেশে আসবেন।”

“এর মাধ্যমে দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্ক আরও জোরদার হবে, পারস্পরিক যোগাযোগ বাড়বে এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে। আমরা ইতোমধ্যে ভালো মানের ক্রিকেটার তৈরি করছি এবং আশা করি আগামী বছর আবার এখানে এসে আমাদের শিরোপা ধরে রাখতে পারব।”

“আমি মনে করি, ‘নেক্সট উইকেট’ কর্মসূচিই আমাদের নতুন উদ্যোগের একটি স্পষ্ট উদাহরণ। বাংলাদেশে ক্রিকেটকে কেন্দ্র করে এটি আমাদের প্রথম উদ্যোগ এবং আমরা আশা করছি এটি সফল হবে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক সহযোগিতার সুযোগ তৈরি হবে, বিশেষ করে যখন আমরা একই ধরনের খেলাধুলার মাধ্যমে সংযুক্ত হচ্ছি।”

“এছাড়া যুক্তরাষ্ট্র এ বছর ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে এবং ২০২৮ সালে অলিম্পিকে আবারও ক্রিকেটকে স্বাগত জানাবে- যার আয়োজকও যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে ক্রীড়াভিত্তিক সম্পর্ক জোরদার করার অনেক সুযোগ রয়েছে। আমরা এ উদ্যোগটি চালু করতে এবং সামনে এগিয়ে নিতে আশাবাদী।”

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়