ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩ সপ্তাহ লাগবে পারভেজের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১২ এপ্রিল ২০২৬  
৩ সপ্তাহ লাগবে পারভেজের

কাঁধের চোট নিয়ে পাকিস্তান থেকে ফেরা পারভেজ হোসেন ইমনের সুস্থ হতে ৩ সপ্তাহ লাগবে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে আজ সকালে বাংলাদেশে এসেছেন পারভেজ। গত ৩ এপ্রিল ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান পারভেজ। বাঁহাতি ব্যাটসম্যান এরপর থেকেই স্লিং ঝুলিয়ে আছেন। সোমবার সকালে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমের সঙ্গে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি বিসিবির মেডিকেল বিভাগের স্বরণাপন্ন হন।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, ‘‘৩ এপ্রিল পাকিস্তানে ফিল্ডিং করতে গিয়ে পারভেজ হোসেন ইমনের ডান কাঁধে যে চোট লেগেছিল, সেটি সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। পারভেজ ইতোমধ্যে বিসিবির মেডিক্যাল ও কোচিং স্টাফের তত্ত্বাবধানে একটি কাঠামোবদ্ধ পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। এখন সে বিসিবির মেডিক্যাল ও কোচিং স্টাফের নিবিড় পর্যবেক্ষণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবে। আমরা আশা করছি, চলতি মাসের শেষের দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের আগেই সে পুরোপুরি সেরে উঠবে।”

নিউ জিল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই পারভেজ। টি-টোয়েন্টি দলে তাকে রাখা হবে। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারলেই তাকে দলে নেয়া হবে।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউ জিল‌্যান্ড ক্রিকেট দল আগামীকাল সোমবার বাংলাদেশে আসবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল থেকে।

পিএসএলে পারভেজের শুরুটা ভালো ছিল না। প্রথম দুই ম্যাচে রান করেছিলেন ১২ ও ১৪। পরের ম্যাচে ৫ ছক্কায় ১৯ বলে ৪৫ রান করে নিজের মান রাখেন। এরপরই চোটে শেষ হয়ে যায় পিএসএল অধ্যায়। 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়