ইতিহাস সমৃদ্ধ নয়, আত্মবিশ্বাসই ভরসা বাংলাদেশের
ওই সিরিজটিকে সৌম্য সরকার সিরিজ বলা হয়। ক্রিকেটপ্রেমিরা আদর করে ডাকে আর কী! সৌম্য যা করেছিলেন তাতে স্রেফ বিস্ময় ছড়িয়েছিল। ৩ ইনিংসে রান ২০৫। গড় ১০২.৫০। স্ট্রাইক রেট ১১৩.২৫।
প্রথম ম্যাচ বাজেভাবে হেরে সিরিজে পিছিয়ে যায় বাংলাদেশ। পরের দুই ম্যাচে সৌম্য সরকারের ব্যাটে ঝড়। দুইটি তরতাজা ফিফটি। তাতে বাংলাদেশের বিশাল অর্জন। পিছিয়ে পড়েও সিরিজ জয় ২-১ ব্যবধানে।
সেই শেষ! এরপর ১১ বছর কেটে গেলেও বাংলাদেশ পিছিয়ে পড়ার পর আর কোনো সিরিজ জেতেনি। এর আগে একবার হয়েছিলই ২০০৯ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। সব মিলিয়ে দুইবার।
এবার কী নিউ জিল্যান্ডের বিপক্ষে হবে? উত্তরটা জানা যাবে আজ সন্ধ্যাতেই। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড।
ঢাকা প্রথম ওয়ানডে ২৬ রানে হারের পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জেতে ৬ উইকেটে। আজ যারা শেষ হাসিটা হাসবে সিরিজ তাদের। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজও বাংলাদেশ হেরেছিল। এবার বদলা নেওয়ার পালা।
ওয়ানডেতে এখন পর্যন্ত তিন ম্যাচের সিরিজের মধ্যে ৪১টিতে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। এর ৩৯টিতে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। হেরে গেছে সিরিজ। যেখানে ২৮টিতেই তারা হয় হোয়াইটওয়াশ। ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ দাপট দেখিয়ে সিরিজে জিতেছিল। এরপর ১১ বছরে বাংলাদেশ আরও ১৮টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছে। কিন্তু কোনোটিতেই আর ঘুরে দাঁড়াতে পারেনি। সেই ইতিহাসই এবার পাল্টানোর বাজি নিয়েছে মিরাজ অ্যান্ড কোং।
দ্বিতীয় ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ গিয়েছে চট্টগ্রামে। নিউ জিল্যান্ড হাল ছাড়বে না নিশ্চিতভাবেই।
শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট বললেন, দ্বিতীয় ওয়ানডে জেতার আত্মবিশ্বাস থেকে সিরিজ জিততে চান তারা।
“সিরিজ জেতার চাপ সব সময়ই থাকে। কারও কাছে চাপ যেমনই মনে হোক না কেন, এই পর্যায়ে এসে আপনাকে সিরিজ জিততেই হবে, বিশেষ করে আমরা যেভাবে শেষ ম্যাচটা জিতে নিজেদের একটা ভালো অবস্থানে এনেছি। আশা করছি, কালকের ম্যাচটাও জিতব।”
“আজকে তাদের (ক্রিকেটারদের) বেশ স্বস্তিতে মনে হয়েছে। আমরা গতকাল এখানে এসেছি ও তাদের দেখে আমার কাছে বেশ স্বচ্ছন্দই লেগেছে। প্রতিটি জয় থেকেই কিছুটা আত্মবিশ্বাস আসে, আর সেই আত্মবিশ্বাস থেকেই জয়ের প্রত্যাশা তৈরি হয়। এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
ঢাকা/ইয়াসিন