সেনা মোতায়েনের এখতিয়ার ইসির : আনিসুল হক
মেহেদী || রাইজিংবিডি.কম
মেয়র প্রার্থী আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি)। তারা চাইলে সেনা মোতায়েন করতে পারে।
শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও কলেজে এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। এটা একান্তই নির্বাচন কমিশনের এখতিয়ার। ইসি যদি মনে করে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে সেনাবাহিনী দরকার তাহলে নামাবে, আর যদি মনে করে সেনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব তাহলে নামাবে না।’
তিনি বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থন দিয়েছেন। তবে আমাকে মেয়র পদে নির্বাচত হতে হলে আপনাদের ভোটের দরকার। আপনাদের ভোট পেলে আমি নির্বাচিত হবো। আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভোট চাই না, একজন মানুষ হিসেবে ভোট চাই।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ফারুক খান, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সংসদ সদস্য শাহজাহান কামাল, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সভা শেষে তিনি মিরপুরে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন।
রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৫/মেহেদী/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী