ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ডাকসু ভিপি নুরকে বেধড়ক মারধর

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় ডাকসু ভিপি নুরকে বেধড়ক মারধর

বগুড়া প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ইফতার মাহফিলে বগুড়ায় এসে বেধড়ক মারধরের শিকার হয়েছে। এ সময় আরো পাঁচ জন আহত হয়েছে।

রোববার বিকেলে বগুড়ার উডবার্ণ পাবলিক গ্রন্থাগারের মধ্যে নুরের উপর হামলা করা হয়। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।

ভিপি নূরুল হক নুরকে প্রথমে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা।

আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাসুল ও বেসরকারি যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন শাহনেওয়াজ শাওন। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেওয়ার জন্য ভিপি নুরুল হক নুরসহ ১৮ জন ঢাকা থেকে আজ বিকেলে বগুড়ায় আসেন। উডবার্ণ সরকারি গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

আয়োজকরা জানান, দুপুর ২টার দিকে শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজ হাসান সেখানে অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়ে দেন। পরিদর্শক মোস্তাফিজ হাসান নিষেধ করার পর পুলিশের গোয়েন্দা সংস্থার একাধিক সদস্য এসে তাদের অনুষ্ঠান করতে নিষেধ করেন। এরপর তারা অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যদের আলোচনার মধ্যে বিকেল পৌনে ৫টার দিকে ভিপি নুরসহ ১৮ জনের একটি দল গ্রন্থাগার চত্বরে প্রবেশ করেন। তখন পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি না থাকায় সেখানে অনুষ্ঠানে বাধা দেন সহকারী লাইব্রেরিয়ান রাজু আহম্মেদ। রাজু আহম্মেদের সঙ্গে এই বিষয় নিয়ে গ্রন্থাগার ভবনের সামনে কথা বলছিলেন নুর।

এর কিছুক্ষণের মধ্যে এক দল যুবক গ্রন্থাগার চত্বরে প্রবেশ করেন। এরপর কোনো কথা বলার আগেই তাদের একজন ভিপি নুরকে ঘুষি মারেন। এরপর অন্যরা নুরের উপর অতর্কিত হামলা করেন। এ সময় ভিডিও করায় যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসনকে মারধর করেন তারা। পরে সাংবাদিকরা চলে গেলে ভিপি নুরকে গ্রন্থাগারের প্রধান ফটকে ফেলে বেধড়ক পেটানো হয়। এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।

স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, এখানে অনুষ্ঠানের বিষয় আগেই নিষেধ করা হয়েছে। তারপরও ভিপি নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা সেখানে ছিলেন। তবে ঘটনার খবর শুনে পুলিশ গ্রন্থাগার চত্বরে যায়। তখন সেখানে কোনো ঝামেলা দেখেনি।

গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠানের অনুমতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়া শাখার আহ্বায়ক রাকিবুল হাসান বলেন, হঠাৎ শনিবার ইফতার মাহফিলের সিদ্ধান্ত হয়। আজ সদর থানাকে মৌখিকভাবে অবহিত করা হয়। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এই কারণে অন্য এলাকায় ইফতারের আয়োজনের কথা চলছিল। এর মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ভিপি নুরকে মারধর করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, গ্রন্থাগারের কাছে আজকে স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিলের অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু এর মধ্য গ্রন্থাগার চত্বর থেকে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। এই কারণে ছাত্রলীগের সদস্যরা সেখানে গিয়ে দেখেন গ্রন্থাগার চত্বরে ভিপি নুর এসেছেন। এই সময়ে ভিপি নুরের সঙ্গে হালকা ধাক্কাধাক্কি হয়েছে।

আর সাংবাদিকের উপর হামলার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।



রাইজিংবিডি/বগুড়া/২৬ মে ২০১৯/একে আজাদ/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়