ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা

অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস

আবু হোসেন পরাগ : ২০ বছর পর ঘরের মাঠে ফিরেছে বিশ্বকাপ। দ্বাদশ বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদারও ভাবা হচ্ছে ইংল্যান্ডকে। ইংলিশদের বিশ্বকাপ অভিযানের শুরুটা হলো ফেবারিটের মতোই। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে এউইন মরগানের দল।

লন্ডনের বিখ্যাত ওভালে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ইংল্যান্ড জিতেছে ১০৪ রানে। আগে ব্যাট করতে নেমে চার ফিফটিতে ৮ উইকেটে ৩১১ রান করেছিল স্বাগতিকরা। জবাবে ৩৯.৫ ওভারে ২০৭ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাট হাতে ৭৯ বলে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেন এই পেস অলরাউন্ডার। পরে বল হাতে নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি নিয়েছেন অবিশ্বাস্য এক ক্যাচ, করেছেন একটি রান আউটও। দারুণ বোলিংয়ে ৩ উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা রেখেছেন জোফরা আর্চার।



দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি এদিন টস জিতে ফিল্ডিং নিয়ে নতুন বল তুলে দিয়েছিলেন লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে। তাতে তাহির গড়েন অনন্য রেকর্ড। কোনো বিশ্বকাপের প্রথম বল করা প্রথম স্পিনার যে তিনিই!

৪০ বছর বয়সি স্পিনার দ্বিতীয় বলে উইকেট নিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতাও প্রমাণ করেন। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটকিপারকে ক্যাচ দেন জনি বেয়ারস্টো। প্রথম ওপেনার হিসেবে কোনো বিশ্বকাপের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারেন ডানহাতি ব্যাটসম্যান।

ইংলিশরা শুরুর ধাক্কা সামলে ওঠে জেসন রয় ও জো রুটের ব্যাটে। দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন ১০৬ রানের জুটি। ফিফটিও তুলে নেন দুজনই। এরপরই জোড়া ধাক্কা। পরপর দুই ওভারে ফেরেন দুই সেট ব্যাটসম্যানই।



আন্দিলে ফিকোয়াওয়ের শর্ট বলে ফেরার আগে ৫৩ বলে ৮ চারে ৫৪ রান করেন রয়। কাগিসো রাবাদার বলে পয়েন্টে সহজ ক্যাচ দেওয়া রুট ৫৯ বলে ৫ চারে করেন ৫১ রান।

চতুর্থ উইকেটে ১০৬ রানের আরেকটি জুটি পায় ইংল্যান্ড। ব্যাটসম্যান এবার অধিনায়ক মরগান ও স্টোকস। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরেই মরগানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাহির। এইডেন মার্করামের দারুণ ক্যাচ হওয়ার আগে ৬০ বলে ৪ চার ও ৩ ছক্কায় মরগান করেন ৫৭ রান।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস টেকেননি বেশিক্ষণ। অন্যপ্রান্তে রানের চাকা সচল রেখে সেঞ্চুরির পথে ছিলেন স্টোকস। তবে শেষ ওভারের আগের ওভারে লুঙ্গি এনগিডিকে রিভার্স সুইপ করতে গিয়ে সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থামেন বাঁহাতি ব্যাটসম্যান। ৭৯ বলে ৯ চারে ৮৯ রানের ইনিংসটি সাজান স্টোকস।



দক্ষিণ আফ্রিকার প্রথম তিন বোলারই ১০ ওভারে ওভারপ্রতি ৬-এর বেশি রান দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন। তাহির ৬১ রানে ২টি, এনগিডি ৬৬ রানে ৩টি ও রাবাদা ৬৬ রানে নেন ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। বাড়তি পেস আর বাড়তি বাউন্সে দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেন শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া আর্চার। চতুর্থ ওভারে আর্চারের ১৪৪ কিলোমিটার গতির বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা।

সেই ধাক্কা সামলে উঠতে না-উঠতেই দক্ষিণ আফ্রিকা খায় জোড়া ধাক্কা। আর্চার নিজের পরপর দুই ওভারে ফিরিয়ে দেন মার্করাম আর ডু প্লেসিকে। কিছুটা লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দেন মার্করাম। শর্ট বল পুল করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন অধিনায়ক ডু প্লেসি।



তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন কুইন্টন ডি কক ও ফন ডার ডুসেন। দুজনের দারুণ ব্যাটিংয়ে একটা সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২ উইকেটে ১২৯ রান। কিন্তু সেখান থেকে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। লিয়াম প্লাঙ্কেটের শর্ট বল পুল করতে গিয়ে ডি কক ক্যাচ দেন ৬৮ রানে। জেপি ডুমিনি ও ডুয়ান প্রিটোরিয়াস টিকতেই পারেননি।

১৪৪ রানে ৫ উইকেট হারানোর পরও ফিকোয়াওকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে রেখেছিলেন ডুসেন। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরেই ফিফটি করা ডুসেনকে থামান আর্চার।

এরপরই স্টোকসের অবিশ্বাস্য সেই ক্যাচ। আদিল রশিদের বলটা ফিকোয়াও যেভাবে মেরেছিলেন তাতে ছয় হবে বলেই মনে হচ্ছিল। স্টোকস উল্টোদিকে দৌড়ে উড়ে গিয়ে এক হাতে বলটা ধরেন।



আমলা পরে আবার ব্যাটিংয়ে নেমেছিলেন। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি প্লাঙ্কেট। আর পরপর দুই বলে শেষ দুই উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেন স্টোকস। ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৮ (রয় ৫৪, বেয়ারস্টো ০, রুট ৫১, মরগান ৫৭, স্টোকস ৮৯, বাটলার ১৮, মঈন ৩, ওকস ১৩, প্লাঙ্কেট ৯*, আর্চার ৭*; তাহির ২/৬১, এনগিডি ৩/৬৬, রাবাদা ২/৬৬, ফিকোয়াও ১/৪৪)

দক্ষিণ আফ্রিকা: ৩৯.৫ ওভারে ২০৭ (ডি কক ৬৮, আমলা ১১, মার্করাম ১১, ডু প্লেসি ৫, ডুসেন ৫০, ডুমিনি ৮, প্রিটোরিয়াস ১, ফিকোয়াও ২৪, রাবাদা ১১, এনগিডি ৬, তাহির ০*; আর্চার ৩/২৭, স্টোকস ২/১২, প্লাঙ্কেট ২/৩৭, রশিদ ১/৩৫, মঈন ১/৬৩)।

ফল: ইংল্যান্ড ১০৪ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়