ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তামিল সিনেমায় পা রাখছেন নিধি?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিল সিনেমায় পা রাখছেন নিধি?

বিনোদন ডেস্ক: ভারতীয় নৃত্যশিল্পী, অভিনেত্রী নিধি আগরওয়াল। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। তবে তার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার।

২০১৭ সালে স্বপ্ন পূরণ হয় এই নায়িকার। কারণ এ বছর বলিউডের ‘মুন্না মাইকেল’ সিনেমার মাধ্যমে সিনেমায় তার অভিষেক হয়। সিনেমাটিতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নিধি। দুই বছরের অভিনয় ক্যারিয়ারে হিন্দি ও তেলেগু ভাষার বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন নিধি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘পরিচালক আর লক্ষ্মণ একটি তামিল সিনেমা নির্মাণ করছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে একজন কৃষকের চরিত্রে অভিনয় করবেন জয়ম রবি। নিধি আগরওয়ালও সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু পরিচালক এখনো আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেননি।’  

এদিকে কিছু দিন আগে পরিচালক আর লক্ষ্মণ অন্য একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘কৃষিনির্ভর গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি, এতে সমাজের জন্য একটি বিশেষ বার্তা থাকবে।’ সিনেমাটির সংগীত পরিচালনা করবেন ডি ইমান। আগামী ১৫ জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

নিধি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মি. মজনু’। এতে আখিল আক্কিনেনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। ভেঙ্কি আলুরি পরিচালিত সিনেমাটি গত ১৫ জানুয়ারি মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমানে নিধির হাতে হিন্দি ভাষার দুটি ও তেলেগু ভাষার একটি সিনেমার কাজ রয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়