ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি।

বৃহস্পতিবার সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের নির্ধারিত ৯টি কাউন্টারে একসঙ্গে টিকিট বিক্রি শুরু হয়। আজ দেওয়া হচ্ছে ১ জুনের আগাম টিকিট।

জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট কেনার পদ্ধতি চালু করায় এবার কালোবাজারিদের উৎপাত নেই। মানুষ স্বাচ্ছন্দ্যে টিকিট কিনতে পারছেন। একজন জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন।

এদিকে, কমলাপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও কালোবাজারি রোধ করতে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আর্মড পুলিশ ও র‌্যাব দায়িত্ব পালন করছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আমিনুল হক জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি চলছে। এটা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

কমলাপুর স্টেশন থেকে বিক্রি হচ্ছে যেসব ট্রেনের টিকিট : কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জগামী পদ্মা এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এক্সপ্রেসের টিকিট দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয়। ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত (৫ দিনব্যাপী) ঢাকার কমলাপুর, বিমানবন্দর তেজগাঁও, বনানী, পুরাতন ফুলবাড়িয়া ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রি চলবে। কাউন্টারে মোট অগ্রিম টিকিটের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।

বাকি ৫০ শতাংশ ই-টিকিটে বিক্রি হবে। কাউন্টার এবং ইন্টারনেটে একই সময়ে টিকিট বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইন্টারনেটে টিকিট বিক্রি না হলে সেই সব টিকিট কাউন্টারে চলে আসবে। কাউন্টার থেকে সাধারণ যাত্রীরা সেই টিকিট কাটতে পারবেন।

আজ ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আগামীকাল ২৪ মে ২ জুন, ২৫ মে ৩ জুন এবং ২৬ মে ৪ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়া হবে, ঢাকা থেকে রাজশাহী, খুলনা, পঞ্চগড়, চিলাহাটি, রংপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও ঈশ্বরদীগামী ট্রেনের টিকিট।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বিক্রি হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী ট্রেনের টিকিট। তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে বিক্রি হচ্ছে ঢাকা থেকে তারাকান্দি, দেওয়ানগঞ্জ ও জামালপুরগামী ট্রেনের টিকিটি।

বনানী স্টেশনে থেকে দেওয়া হচ্ছে, ঢাকা থেকে নেত্রকোনা ও মোহনগঞ্জগামী ট্রেনের টিকিট। ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে দেওয়া হচ্ছে ঢাকা থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট।

 





রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/হাসান/ইভা  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়