ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন মৌসুমী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের গুঞ্জনে মুখ খুললেন মৌসুমী

মৌসুমী

ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী মৌসুমী। সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। কিছু দিন আগে গুঞ্জন চাউর হয়, অভিনয়শিল্পী ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন মৌসুমী। যদিও এ অভিনেতা বিষয়টিকে ‘মিথ্যা’ বলে দাবি করেন।

বিয়ের গুঞ্জন নিয়ে হাসান জাহাঙ্গীর কথা বললেও নীরব ছিলেন মৌসুমী। অবশেষে আড়াল ভেঙে সামনে এলেন। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন নব্বই দশকের এই তারকা।

আরো পড়ুন:

মৌসুমী বলেন, “এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কী বলব। যে কথা বলিই না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে। তবে এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে, এসব নিয়ে কথা বলাটাও এক রকম মূল্যহীন মনে হয়। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না। যার দরকার সে হয়তো এটা নিয়ে কথা বলছে, বলুক।” 

কিছু মানুষ রয়েছেন, যারা বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায় বলে মনে করেন মৌসুমী। তার মতে, “জগতে কিছু নিন্দুক থাকবে, তারা মানুষকে নিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায়,  তারা এসব গল্প বলতেই থাকবে। এ ধরনের মানুষ এখন ভিউ চায়, সবার একটু মনোযোগ চায়, তারা কোনো কিছু না জেনে মিথ্যাকে সত্য বানিয়ে রংচং মিশিয়ে উপস্থাপন করে ফেসবুকে। কখনো পোস্ট আকারে লেখে আবার কখনো ভিডিও বানায়। শিল্পী ও পরিচিত মানুষদের নাম ব্যবহার করে এসব ভিডিও বানালে বা পোস্ট করলে ফেসবুকে রিচ বাড়ে, ইউটিউবে ভিউ হয় বেশি—এই সুযোগটা তারা নেয়।” 

এসব সংকট নিরসনে আইনের প্রয়োগের বিষয়টি সামনে আনেন মৌসুমী। এ অভনেত্রী বলেন, “এটার প্রতিকারে যদি আইনে থাকত, আইনের সঠিক প্রয়োগ থাকত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আগে কখনো দেওয়া হতো, তখন এসব নিয়ে ভিউখোর মানুষের গুজব ছড়ানো বন্ধ হয়ে যেত। ভিউখোর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে।” 

এসব গুজবে আপনার কী মন খারাপ হয়? জবাবে মৌসুমী বলেন, “শিল্পীরাও মানুষ, তাদেরও জীবন আছে। তারাও সমাজে থাকে, সংসার করে। একজন শিল্পী দীর্ঘ সময়ে তৈরি হয়। যারা মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। তারা চাইলেও আমি মানুষের মনে যে জায়গায় আছি—সেখান থেকে এক চুলও নাড়াতে পারবে না। কথায় আছে না, আমার অর্জন তো আমার ভেতরকার, দান করেছে আমার সৃষ্টিকর্তা, আমি এটাকে কীভাবে ব্যবহার করছি, সেটা একান্তই আমার ব্যাপার। এসবে আমি পাত্তা দিইনি কখনো, ভবিষ্যতেও পাবে না।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়