বিএনপিকে অভিনন্দন জানাল হাবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাতীয় নির্বাচন ২০২৬ এ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৬ সালের জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এ ঐতিহাসিক নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরবোজ্জ্বল বিজয় অর্জন করায় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে এবং সর্বস্তরের নেতাকর্মী ও আপামর জনসাধারণদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এই বিজয় প্রমাণ করে যে, গণতন্ত্র জনগণের অধিকার, জাতীয় সার্বভৌমত্ব এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে অঙ্গীকার বিএনপি দীর্ঘদিন ধরে করে আসছে, তা দেশের আপামর জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছে। জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার পক্ষে স্পষ্ট রায় প্রদান করেছে।
জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ মনে করে, এই বিজয় কেবল একটি রাজনৈতিক দলের সাফল্য নয়: এটি শিক্ষা, স্বাধীন চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য একটি নতুন আশার দ্বার উন্মোচন করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে গঠিত সরকার শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ এবং একটি বিজ্ঞানমনস্ক, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।
দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা, গবেষণা ও উদ্ভাবনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সরকার ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করবে-এই প্রত্যাশা আমাদের।
জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ অতীতের ন্যায় আগামীতেও দেশ, জাতি ও শিক্ষার স্বার্থে বিএনপির সকল গণতান্ত্রিক ও উন্নয়নমুখী উদ্যোগের পাশে থাকবে। আমরা আশা করি, দলীয় ঐক্য, প্রজ্ঞা ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে দেশকে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার মহান দায়িত্ব বিএনপি সফলভাবে পালন করবে।
পুনরায় এই ঐতিহাসিক বিজয়ের জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
ঢাকা/সাকিব/জান্নাত