ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, বহিষ্কার ৩১

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২২ মে ২০২৬  
হাবিপ্রবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, বহিষ্কার ৩১

পূর্বশত্রুতার জেরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শহীদ নুর হোসেন হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শহীদ আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আরো পড়ুন:

অফিস আদেশে উল্লেখ করা হয়, ২১ মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নুর হোসেন হলে গিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা নামাজঘরসহ হলের বিভিন্ন আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে। পাশাপাশি সহকারী প্রক্টরসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।

ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৪ ও ১৫ ধারা অনুযায়ী এসব কর্মকাণ্ডকে অনৈতিক কার্যক্রম, আইনশৃঙ্খলা ভঙ্গ এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের আওতায় আনা হয়েছে।

পরে বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ৩১ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/সাকিব/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়