তরুণ বিজ্ঞানীদের নিয়ে ‘ইয়ং সায়েন্টিস্ট মিটআপ’
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আগামী ৯ মার্চ তরুণ ও ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইয়ং সায়েন্টিস মিটআপ’। অনুষ্ঠানটির আয়োজক নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশ, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ।
এই মিটআপে সকালের সেশনে বাচ্চাদের নিয়ে থাকছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’ ও বিকেলের সেশনে থাকছে তিনটি সেমিনার। সেমিনারগুলোর আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে ১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়ালেখা, ২. কিভাবে নভোচারী হওয়া যায় বা কি প্রস্তুতি নিতে হয় এবং ৩. রকেট ডিজাইন কিভাবে করা হয়।
সেমিনারগুলো পরিচালনা করবেন এমআইটি’র জিরো রোবটিক্স ল্যাবের দায়িত্বে থাকা মিজানুল চৌধুরী। তিনি বুয়েটের সাবেক গোল্ড মেডেলিস্ট এবং কাজ করছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীদের সঙ্গে। এছাড়া থাকছেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার রবি সংকর শীল। স্যাটেলাইট প্রোপালশন সিস্টেমের সঙ্গে কাজ করছেন তিনি।
অনুষ্ঠানের প্রধান স্পিকার মিজানুল চৌধুরী বলেন, ‘মহাকাশ গবেষণায় আমাদের দেশের তরুণদের আগ্রহ দেখে আমি সত্যি অভিভূত। সেমিনারে মহাকাশ বিজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও জিরো রোবটিক এর ওপর বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে স্কুলের ছেলেমেয়েদের স্পেস সায়েন্স ও প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্য বাংলাদেশ ইনোভেশন ফোরামের সামনের কাজগুলোতে কারিগরি সহায়তা দেওয়া হবে।’
বাংলাদেশ ইনভেশন ফোরামের প্রতিষ্ঠতা ও নাসা প্রবলেম সলভার বাংলাদেশ এর প্রধান আরিফুল হাসান অপু বলেন, ‘আমাদের স্বপ্ন থাকে মহাকাশে যাবার এবং মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন জায়গায় কাজ করার। সেটাকে সত্যিতে পরিণত করতে এটা শুরু মাত্র, সেজন্য আমরা একেবারে বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেছি।’
ওয়ার্কশপ এবং সেমিনারে অংশ নিতে নিবন্ধন করতে হবে http://bif.org.bd/SOLVE এই ঠিকানায়।
আয়োজনটির টাইটেল স্পন্সর ইনোভেডিয়াস প্রাইভেট, গোল্ড স্পন্সর স্টার কম্পিউটার সিস্টেম ও বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম। মিডিয়া পার্টনার টেকশহর ডটকম।
রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৯/ফিরোজ
রাইজিংবিডি.কম