সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটিং ঝলকের পরও ইনিংস পরাজয়
ক্রীড়া প্রতিবেদক : ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য সরকার। তার সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জোড়া সেঞ্চুরির বীরত্বের পরও হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৭১৫ রানে ইনিংস ঘোষণা দেয় নিউজিল্যান্ড। ৪১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে সফরকারীরা। এরপর সৌম্য ও মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতে ৪২৯ রানে অলআউট হয় টাইগাররা। ফল, ৫২ রান ও ইনিংস ব্যবধানে হার মাহমুদউল্লাহর দলের।
কিউইদের বিপক্ষে ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে বাংলাদেশ। পঞ্চম উইকেটে দারুণভাবে টাইগাররা ঘুরে দাড়ায় সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটে। সাদা পোষাকে প্রথম সেঞ্চুরির দেখা পান সৌম্য। নিউজিল্যান্ডের বড় সংগ্রহের জবাবে পঞ্চম উইকেটে ২৩৫ রান যোগ করেন তারা। পঞ্চম উইকেট জুটিতে যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৪৯ রান করে আউট হন সৌম্য সরকার। এরপর টেস্টে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সৌম্য ছুঁয়েছেন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত নতুন রেকর্ড গড়তে না পারলেও ছুঁয়েছেন ঠিকই। ৯৪ বলে করেছেন সেঞ্চুরি। ২০১০ সালে লর্ডসে ৯৪ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি এতদিন একার ছিল তামিমের। ১ রানের জন্য ছুঁতে পারেননি দেড়শ। তবে ১৭১ বলে ১৪৯ রানের ইনিংস তার প্রথম শ্রেণির ক্যারিয়ারেও সর্বোচ্চ। ২১টি চারের সঙ্গে ইনিংসে ছক্কা মেরেছেন ৫টি।

তবে সৌম্যর পর ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহকে সঙ্গ দিতে পারেননি লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনেই সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ১ রান করে। তাদের ব্যাট থেকে কিছু রান আসলে হয়তো ইনিংস ব্যাবধানে হারটা এড়ানো যেতো। চা বিরতিতে থেকে ফিরে বাংলাদেশের ব্যাটিংটাও সুখকর হয়নি। ব্যক্তিগত দেড়শ রান থেকে চার রান দূরে থাকতে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। সাউদির বলে বোল্টের হাতে ধরা পড়ার আগে ২২৯ বলে ২১ চার ও ৩ ছক্কায় ১৪৬ রান আসে তার ব্যাট থেকে।
বল হাতে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। টিম সাউদি পান ৩টি উইকেট। আর বাকি দুটি উইকেট নেন নেইল ওয়াগনার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৪
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৬৩ ওভারে ৭১৫/৬ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ ২য় ইনিংস: ১০৩ ওভারে ৪২৯/১০ (আগের দিন ১৭৪/৪) (সৌম্য ১৪৯, মাহমুদউল্লাহ ১৪৬ , লিটন ১, মিরাজ ১, আবু জায়েদ ৩, খালেদ ৪*; বোল্ট ২৮-৩-১২৩-৫, সাউদি ২৪-৪-৯৮-৩, ডি গ্র্যান্ডহোম ১০-১-৩৩-০, ওয়াগনার ২৪-৪-১০৪-২, অ্যাস্টল ১৫-৩-৫৮-০, উইলিয়ামসন ২-০-১৩-০)
রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৯/শামীম
রাইজিংবিডি.কম