টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনাও
ক্রীড়া ডেস্ক : ক্রিকেটকে বিশ্বায়ন করতে গত বছর বৈপ্লবিক এক পদক্ষেপ নিয়েছিল আইসিসি। ১০৪টি সদস্য দেশের সবাইকে দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি মর্যাদা। এবার র্যাঙ্কিংয়ের ভেতর চলে এসেছে ৮০টি দেশ।
গত বছর আইসিসি ঘোষণা দিয়েছিল, এ বছরের প্রথম দিন থেকে সদস্য দেশগুলোর মধ্যে হওয়া প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই পাবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা। ২০১৬ সালের মে মাস থেকে আইসিসি সদস্যদের বিপক্ষে কমপক্ষে ছয়টি ম্যাচ খেলা দলগুলো জায়গা করে নিয়েছে শুক্রবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে।
ক্রিকেটের এই র্যাঙ্কিংয়ে আছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, আর্জেন্টিনাও। আর্জেন্টিনা আছে ৫৬তম স্থানে, ব্রাজিল ৬৯তম। তাদের চেয়ে এগিয়ে আছে জার্মানি (৩৬তম), স্পেন (৪১তম) ও ফ্রান্স (৪৩তম)।
২৮৬ রেটিং নিয়ে সবার ওপরে আছে পাকিস্তান। এরপর আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড। আফগানিস্তান ও শ্রীলঙ্কা এক ধাপ করে এগিয়ে যথাক্রমে সপ্তম ও নবম স্থানে আছে।
সবচেয়ে বড় চমক দেখিয়েছে নেপাল। টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে (১৩তম) ও আয়ারল্যান্ডকে (১৫তম) পেছনে ফেলে নেপাল উঠে এসেছে ১১তম স্থানে। নেপালের ঠিক ওপরেই দশম স্থানে আছে বাংলাদেশ। নয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।
রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৯/পরাগ
রাইজিংবিডি.কম