ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগের উইকেটে খেলা, কাজে আসবে প্রথম ম্যাচের শিক্ষা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৩১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগের উইকেটে খেলা, কাজে আসবে প্রথম ম্যাচের শিক্ষা

লন্ডন থেকে ইয়াসিন হাসান : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথম ইনিংস ওভাল মাঠে বসেছেন দেখেছেন হাবিবুল বাশার সুমন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এই ওভালেই। তাই উইকেটের আচরণ, দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের গুণগত মান কেমন, তা নিজ চোখে দেখতেই মাঠে হাজির ছিলেন জাতীয় দলের নির্বাচক।

ম্যাচের প্রথমার্ধ দেখে নিজের বিচার-বিশ্লেষণ টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন হাবিবুল। ইনিংসের শুরুতে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে বোলিংয়ে দেখে কিছুটা অবাক হয়েছিলেন। পরবর্তীতে পেসারদের আক্রমণ দেখে মন ভরেছে তার। আত্মবিশ্বাস পেয়েছেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদাদের বোলিং সহজেই খেলতে পারবেন তামিম, সৌম্য, মাহমুদউল্লাহরা। ওখানে তার উপস্থিত থাকার পেছনে আরেকটি কারণও ছিল। টিম ম্যানেজমেন্ট জানত, ওভালে দ্বিতীয় ম্যাচটি হবে একই উইকেটে, যেই উইকেটে হয়েছে প্রথম ম্যাচ।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার খেলা উইকেটেই ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। তাতে অবশ্য কোনো সমস্যা দেখছেন না বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বরং ‘ব্যবহৃত’ উইকেট হওয়ায় বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে বলেই বিশ্বাস ক্যারিবীয় কিংবদন্তির, ‘আমি মনে করি গতকাল যেই উইকেটে খেলা হয়েছে সেই উইকেটেই আমরা খেলব। এটা আমাদের উপকারে আসবে। দেখুন ওভালে আমরা যেটা দেখে এসেছি, ভালোমানের উইকেট এবং তাতে প্রচুর রান উৎসব হয়। আর আমরা খেলতে যাচ্ছি চতুর্থ দিনের উইকেটে। স্বাভাবিকভাবেই উইকেট প্রথম দিনের মতো আচরণ করবে না।’



দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে, তা শুক্রবার খুলে রাখা হয়েছিল। পুরো দিন রৌদ্রের তাপ উপভোগ করেছে ২২ গজ।  প্রথম ম্যাচে পেসারদের পাশাপাশি স্পিনাররা ছিলেন দারুণ।  ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন স্বাচ্ছন্দে। যদি এক কথায় বলা হয়, উইকেট ছিল বেশ স্পোর্টিং। তবে ভয়ের কারণও আছে। গুমোট আবহাওয়ায় এ ধরনের কন্ডিশনে উইকেট হয়ে ওঠে পেস সহায়ক। ব্যাটসম্যারা ভুগতে থাকেন পেসারদের পেস ও বাউন্সে। তবে ওয়ালশ অভয় দিচ্ছেন। জানালেন, প্রথম ম্যাচের শিক্ষা কাজে লাগাতে পারলে দুই দলই সমান সুবিধা পাবে।

‘আমরা দেখেছি গতকালের ম্যাচে কী হয়েছে। সেই ম্যাচের শিক্ষা অনেক কাজে আসবে। আমাদের খেলা শুরু হতে দুদিন বাকি। চতুর্থ দিনের উইকেট কেমন ব্যবহার করবে সেটাও দেখার। তবে শেষ ম্যাচে কী হয়েছে সেটার ওপর ভিত্তি করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। উইকেট আজও দেখে মনে হয়েছে ভালো একটি ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি।’



ইমরান তাহিরকে দিয়ে বোলিং ওপেন করিয়েছিল দক্ষিণ আফ্রিকা।  তাতে সফল তারা। দ্রুতই ফেরাতে পেরেছিল ইংলিশ হার্ডহিটার জনি বেয়ারস্টোকে। বাংলাদেশ কি একই রণকৌশল বেছে নেবে? ওয়ালশের মতে,‘আসলে আমরা কাদের বিপক্ষে খেলব সেটা দেখে আমরা আমাদের রণকৌশল সাজাব। এটা নিয়ে আলোচনা হতে পারে। আমরা যেহেতু ব্যবহৃত উইকেটে খেলব তাই অনেক কিছু বুঝেশুনে ব্যবস্থা নিতে হবে। আমরা স্পিনারদের দিয়েও শুরু করতে পারি। হয়তো দুই প্রান্তে দুই স্পিনার। আবার দুই প্রান্তে দুই পেসার দিয়েও শুরু করতে পারি।’



রাইজিংবিডি/লন্ডন/৩১ মে ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়