ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাক স্ট্যান্ড সড়ক এখন ‘‌মেয়র আনিসুল হক সড়ক’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাক স্ট্যান্ড সড়ক এখন ‘‌মেয়র আনিসুল হক সড়ক’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তার নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’ করা হয়েছে। আগে এর নাম ছিল ট্রাক স্ট্যান্ড সড়ক।

রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য জানিয়েছেন।

এ এস এম মামুন জানান, গত ১১ ডিসেম্বর ডিএনসিসির ২১তম বোর্ড সভায় তেজগাঁওয়ের সাত রাস্তার মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’, বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক’ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সড়ক, পার্ক, মার্কেট ও কমিউনিটি সেন্টারের নতুন নামকরণের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে করপোরেশনের বোর্ড সভায়।

সেখানে মহানগর আওয়ামী লীগের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এম এ আজিজের নামে চাঁনখারপুল মার্কেটের নামকরণ, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের নামে নবাবগঞ্জ কমিউনিটি সেন্টারের নামকরণ, প্রাক্তন কাউন্সিলর প্রয়াত হাজী নাজির হোসেনের নামে আগা সাদেক সড়কের নামকরণ এবং প্রয়াত শহীদ বুদ্ধিজীবী খালেক সরদারের নামে সিক্কাটুলী পার্কের নতুন নামকরণের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।

এছাড়া আজিমপুর কবরস্থানে মেয়র সাঈদ খোকনের বাবা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্তও অনুমোদন দেওয়া হয় সভায়।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়