লালমনিরহাটের কালীগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
মোয়াজ্জেম || রাইজিংবিডি.কম
লালমনিরহাট জেলার মানচিত্র
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে মাছ আটকানোর বানা সড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ভোলা নাথ রায় (৫২) রোববার ভোরে মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা নাথ রায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত রাম চন্দ্র রায়ের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার রেজাউল করিম রেজা (৩৫), হাফিজুর রহমান (৩২), ইমান আলী (৩০), আব্দুল আউয়াল (৪০), রেজাউল ইসলাম (২৭) ও ফজলুল হক (৪০)। তাদেরকে রোববার বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার ভোলা নাথ রায়ের ছেলে নিজের পুকুরের সামনে মাছ আটকানোর বানা বসিয়ে দেয়। এই বানা সরিয়ে দেয় সামনের জমির মালিক একই এলাকার স্থানীয় কৃষক খায়রুজ্জামান। পুনরায় সেখানে বানা বসিয়ে দেয় ভোলা নাথের লোকজন। এতে বাধা দিতে যায় খায়রুজ্জামান। এক পর্যায়ে তাকে মারধর করে ভোলা নাথ রায়ের লোকজন। পরে খায়রুজ্জামান লোকজনসহ লাঠিসোটা নিয়ে ভোলা নাথ রায়ের বাড়িতে হামলা চালায়। ভোলা নাথ লোকজন নিয়ে বাঁধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় খায়রুজ্জামানের লোকজন ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে ভোলা নাথ মারাত্মকভাবে আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে তাকে রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই পক্ষের মারামারির ঘটনায় শনিবার সন্ধ্যায় ভোলা নাথের ছেলে শুভল চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে আমরা জানতে পারি ভোলা নাথ চন্দ্র রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে এ মামলাটিই এখন হত্যা মামলা হিসাবে নথিভুক্ত করা হবে।’
রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৪/মোয়াজ্জেম/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম
২৪ ঘণ্টায় হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭