বিএনপির ইশতেহার শুক্রবার, প্রাধান্যে ৩১ দফা ও জুলাই স্পিরিট
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জুলাই স্পিরিট ও ৩১ দফাকে প্রাধান্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশেষ অনুষ্ঠানে ইশতেহার প্রকাশ করা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার পাঠ করে শোনাবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
ইশতেহার বিষয়ে ওয়াকিহাল রয়েছেন- বিএনপির এমন কয়েকজন নেতার সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি থাকবে ইশতেহারে।
ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসন বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামো গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।
ইশতেহারে আলেম-ওলামা, কৃষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকা/আলী/রাসেল