পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।
রংপুরের পীরগঞ্জে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের একটি ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর এলাকার মুন্নি আক্তার (৩০) এবং রংপুর হারাগাছ এলাকার আব্দুর রাজ্জাক। তাদের মরদেহ বড়দরগা হাইওয়ে পুলিশ স্টেশনে রয়েছে।
বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা ঢাকা থেকে রংপুর নগরীর হারাগাছ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এখন পর্যন্ত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। পরিবারের লোকজন আসলে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী শঠিবড়ি এলকার অটোরিকশা চালক আমজাদ হোসেন জানান, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনটিকে উল্টো দিকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। বাসটিতে থাকা একজন পুরুষ ও একজন নারী যাত্রী মারা যান। পরে পুলিশ এসে দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। তারা মরদেহগুলো থানায় নিয়ে গেছে।
ঢাকা/আমিরুল/মাসুদ