সাভারে ট্রাকচাপায় পথচারী নিহত
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইটবোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়
ঢাকার সাভারে নিয়ন্ত্রণ হারানো একটি ইটবোঝাই ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার (১০ মে) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আব্দুল মান্নান (৬০)। তিনি ধামরাই উপজেলার কালামপুর এলাকার দেপাশাই এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী একটি ইটবোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো দিকে ফুটপাতে উঠে যায়। এ সময় পথচারী আব্দুল মান্নানকে ট্রাকটি চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৪-১৯৪৯। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা/সাব্বির/ইভা