ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেসি-ম্যারাডোনার টানে আর্জেন্টিনার সমর্থক মিথিলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৪ জুন ২০২৬   আপডেট: ১৫:১২, ১৪ জুন ২০২৬
মেসি-ম্যারাডোনার টানে আর্জেন্টিনার সমর্থক মিথিলা

ম্যারাডোনার জাদুকরী ফুটবল আর মেসির অসাধারণ নৈপুণ্য; এই দুই কিংবদন্তির কারণেই আর্জেন্টিনার প্রতি আলাদা টান অনুভব করেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। তাই বহু বছর ধরেই তিনি আকাশি-সাদা জার্সিধারীদের একজন নিবেদিত সমর্থক।

আরো পড়ুন:

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানান, আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির। তিনি বলেন, “আর্জেন্টিনা ম্যারাডোনার দেশ। আমি ম্যারাডোনা ও মেসি; দুজনকেই ভালোবাসি। আশা করি, আমার প্রিয় দল এবার নতুন কোনো রেকর্ড গড়বে।”

মিথিলার মতে, আর্জেন্টিনা শুধু জয়ের জন্য নয়, তাদের খেলার নান্দনিকতার কারণেও বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দলটির আক্রমণাত্মক ফুটবল, আবেগ আর লড়াকু মানসিকতা তাকে সবসময় আকৃষ্ট করে।

বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তার পেছনেও ম্যারাডোনা ও মেসির বড় অবদান রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠীর ভিত্তি তৈরি হয়। পরে লিওনেল মেসির উত্থান সেই জনপ্রিয়তাকে আরো বিস্তৃত করে।

বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়, তা নজর কেড়েছে খোদ আর্জেন্টিনার ফুটবল মহলেও। বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি বাংলাদেশের সমর্থনকে ‘খুবই সুন্দর’ বলে অভিহিত করেছিলেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও দেশটির ফুটবল অঙ্গনের অনেকেই বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফুটবলপ্রেমী মিথিলাও সেই বিশাল সমর্থকগোষ্ঠীর একজন। তার কাছে আর্জেন্টিনা শুধু একটি দল নয়, বরং ফুটবল ইতিহাসের দুই মহাতারকা ম্যারাডোনা ও মেসিকে ঘিরে গড়ে ওঠা এক আবেগের নাম।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়