ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৪ জুন ২০২৬  
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

মিছিলে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। তারা প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।

মিছিলে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী শরিফুল আলম বিজয় বলেন, “আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ব্যর্থতার পরও ঘুরে দাঁড়িয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা দারুণ প্রত্যাবর্তনের নজির স্থাপন করেছে।”

তিনি আরো বলেন, “আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়; বরং সমন্বিত দলীয় পারফরম্যান্সই তাদের শক্তি। তিনটি বিশ্বকাপ, অসংখ্য শিরোপা এবং মেসি-ম্যারাডোনার মতো কিংবদন্তিদের কারণে তারা ফুটবলের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। আশা করি এবারো তারা ট্রফি জিতবে।”

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, “আর্জেন্টিনা দলের ফুটবলের ইতিহাস, ঐতিহ্য এবং লিওনেল মেসির শৈল্পিক খেলা আমাকে আরো বেশি মুগ্ধ করে। আমার কাছে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া।”

ঢাকা/এমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়