ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সীমান্ত হত্যা ও পুশইন ইস্যুতে আলোচনা স্থগিত, জামায়াত এমপির ক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ১৪ জুন ২০২৬  
সীমান্ত হত্যা ও পুশইন ইস্যুতে আলোচনা স্থগিত, জামায়াত এমপির ক্ষোভ

সীমান্তে বিএসএফ-এর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া এবং পশ্চিমবঙ্গ থেকে কথিত পুশইন কার্যক্রম নিয়ে জাতীয় সংসদে নির্ধারিত বিশেষ আলোচনা স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান।

রবিবার (১৪ জুন) বিকালে সংসদের অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, বাজেট অধিবেশনের ব্যস্ততা ও সময় সংকটের কারণে আলোচনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন, শিগগিরই বিষয়টি আলোচনার জন্য সংসদের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, দেশের সার্বভৌমত্ব, নাগরিকদের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষার স্বার্থে সীমান্ত হত্যা ও অবৈধ ‘পুশইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে তিনি কার্যপ্রণালী বিধির-১৪৭ ধারা অনুযায়ী সাধারণ প্রস্তাবের নোটিশ জমা দিয়েছিলেন। সংসদ সচিবালয় থেকে তাকে জানানো হয়েছিল, রবিবার এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এমনকি পূর্বঘোষিত কার্যসূচিতেও বিষয়টি অন্তর্ভুক্ত ছিল বলে তিনি উল্লেখ করেন।

তবে নতুন কার্যসূচি থেকে প্রস্তাবটি বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, জনগণের জীবন ও রক্তের চেয়ে গুরুত্বপূর্ণ আর কী বিষয় থাকতে পারে, যার কারণে এমন একটি জনগুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত করতে হলো? একইসঙ্গে তিনি আলোচনার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।

জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রস্তাবটি বাতিল করা হয়নি বরং বাজেট অধিবেশনের সময়সীমাজনিত কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, সীমান্ত হত্যা ও পুশইন ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসদ এ বিষয়ে আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, অচিরেই স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রস্তাবটির ওপর বিস্তারিত আলোচনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, রবিবার বিকাল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রম শুরু হয়।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়