পর্দা উঠলো টরেন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের
আহসান রাজীব বুলবুল, কানাডা থেকে || রাইজিংবিডি.কম
টরেন্টো ফিল্ম ফোরাম আয়োজিত পঞ্চম টরেন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২২ শুরু হয়েছে। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে টরেন্টো শহরের তিনটি স্থানে।
বিপুল দর্শকের উপস্থিতিতে সোমবার (১৮ জুলাই) স্ক্যারবরোর ২২ লেবোভিক এভিনিউয়ের সিনেপ্লেক্স ওডেন এ অনুষ্ঠানটির উদ্বোধন হয়।
বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী হয়। চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে কানাডার চলচ্চিত্র নির্মাতা জসলিন রোজার্স-এর ‘দ্য লিভিং রুম’ সাইফুল ওয়াদুদ হেলালের ‘মুনিয়া’স স্টোরি’ এবং সোফি রোমভারি’র ‘স্টিল প্রসেসিং’; ইউক্রেনের চলচ্চিত্র নির্মাতা ওলেহ ভালিদাজেহ’র ‘দ্য পাথ’; ইরানের চলচ্চিত্র নির্মাতা সাইয়িদ ভালিজাদেহ’র ‘সিক্সথ ওয়েভ’; ইতালির চলচ্চিত্র নির্মাতা ‘হোয়াট আ ড্রিম ইট উড বি আ ডিফারেন্ট ওয়ার্ল্ড; গ্রীসের এলিফথিয়েরিইয়া স্টেফানোউরির ‘মান্টো’; তিউনিসিয়ার রিম নাকহির ‘নুর’ এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ প্রদর্শিত হয়।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিকাল সাড়ে পাঁচটায় টরেন্টোর সুপরিচিত তবলা শিল্পী রাজীব ঢোল বাজিয়ে চলচ্চিত্র পিপাসু অতিথিদের অভ্যর্থনা জানান। বিকাল ছয়টায় কানাডার জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী সুলতানা হায়দার এবং তাঁর কন্যা টরেন্টোর প্রখ্যাত শিল্পী অরুণা হায়দারের মনোমুগ্ধকর নৃত্যের মধ্য দিয়ে উদ্বোধনের বহুজাতিক উপস্থাপনা শুরু হয়।
তারপর পর আদিবাসী বাদ্যযন্ত্র ও সংগীত পরিবেশন করেন আদিবাসী শিল্পী কুইঞ্চুয়া এবং সান্টীয়াগো ভেগা। সুকন্যা নৃত্যাঙ্গন-এর দশ জন শিশু শিল্পী নৃত্যের মধ্য দিয়ে কানাডার বহুজাতিক সৌন্দর্য উপস্থাপন করেন।
টরেন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক এবং পঞ্চম টরেন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২ এর সমন্বয়ক মনিস রফিক উদ্বোধনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্ক্যারবরো সাউথওয়েস্ট এর কাউন্সিলর গ্যারি ক্রাফোর্ড, বাংলাদেশের প্রখ্যাত কবি আসাদ চৌধুরী এবং টরেন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও পঞ্চম টরেন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক এনায়েত করিম বাবুল।
উদ্বোধনী দিনে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য তিনটি চলচ্চিত্রের পরিচালক জসলিন রোজার্স, সাইফুল ওয়াদুদ হেলাল এবং সোফি রোমভারিকে উপস্থিত দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন টরেন্টো ফিল্ম ফোরামের সহসভাপতি এবং ফেস্টিভ্যাল ফিল্ম সিলেকশন কমিটির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম খোকন।
উপস্থিত চলচ্চিত্র নির্মাতারা দর্শকদের সামনে তাঁদের চলচ্চিত্র নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জুলাই ১৯, ২০, ২১ এবং ২২ তারিখে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্রের প্রদর্শনী হবে ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে। শনিবার (২৩ জুলাই) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ২২৩৬ কুইন স্ট্রিট ইস্ট-এর ঐতিহ্যবাহী ফক্স থিয়েটারে।
সমাপনী অনুষ্ঠানের পূর্বে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এবারের চলচ্চিত্র উৎসবে ৪৯টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ১৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইন-পার্সনের সাথে সাথে এই উৎসব অনলাইন এ উপভোগ করা যাবে।
অনলাইন লিংক হলো- torontomulticulturalfilmfestival.com. টরেন্টো ফিল্ম ফোরাম আয়োজিত টরেন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে স্কুল-কলেজের ৩৭ জন ছাত্রছাত্রী ভলিন্টিয়ার হিসেবে কাজ করবে। এ উৎসবের পার্টনার হিসেবে অংশ নিচ্ছে অন্টারিও আর্ট কাউন্সিল এবং বাংলাদেশের ‘সময়’ টেলিভিশন এবং টরেন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ হচ্ছে এ উৎসবের মিডিয়া পার্টনার।
ঢাকা/সনি
২৪ ঘণ্টায় হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭