সড়ক দুর্ঘটনা রোধে ৪০ কিমি মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অহরহ দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ সব দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে এবং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম নগরী থেকে সীতাকুণ্ড পর্যন্ত ৪০ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সীতাকুণ্ডবাসীর ব্যানারে চট্টগ্রাম নগরীর সিটিগেট থেকে সীতাকুণ্ডের বড় দারোগাহাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ধরে মানববন্ধন করেন সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন পেশাজীবী, কল কারখানার শ্রমিক, কর্মচারী কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সাম্প্রতিক সময়ে সড়ক-দুর্ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দ্বারা পরিচালিত ‘সেইফ লাইন’ পরিবহণের গাড়ি এই রুটে চলাচলকারী যাত্রী সাধারণের আতঙ্কের যানবাহনে পরিণত হয়েছে। গত তিনমাসে এখানে সড়ক-দুর্ঘটনায় মারা গেছে ৩৩ জন। আহত হয়েছে শতাধিক মানুষ। এক বছরে মারা গেছে ১৪২ জন।
মানববন্ধন থেকে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ এপ্রিল ২০১৮/রেজাউল করিম/বকুল
রাইজিংবিডি.কম