মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্য স্থানে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।
গুলিবিদ্ধ মনোয়ারা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের বাসিন্দা জয়নাল হাজারীর স্ত্রী। মনোয়ারা ও তার স্বামী দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার একটি পরিত্যক্ত কারখানা দেখভাল করেন এবং পাশেই ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই পরিত্যক্ত কারখানার আশপাশে প্রায়ই মাদকসেবীদের আড্ডা বসত বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছিলেন। বিষয়টি দেখে মনোয়ারা বেগম তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনোয়ারা বেগমকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানিয়েছে, গুলি করার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকা/রফিক সরকার/রফিক