ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউএনও-এসিল্যান্ডের উপরে হামলা: গ্রেপ্তার ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২২ আগস্ট ২০২২   আপডেট: ১২:৩৯, ২২ আগস্ট ২০২২
ইউএনও-এসিল্যান্ডের উপরে হামলা: গ্রেপ্তার ৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকে কেন্দ্র করে ইউএনও ও এসিল্যান্ডের ওপরে হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) মো. আব্দুল মজিদ এতথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে রোববার (২১ আগস্ট) রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে  এবং নাম না জানা ১২০ জনকে আসামি করে মামলাটি করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম বলেন, মামলার পর রোববার রাতেই অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও ও ছবি দেখে প্রকৃত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। এছাড়া আন্দোলনকারীরা রাস্তার ওপরে গাছের গুড়ি ও বাঁশ দিয়ে যে ব্যারিকেড তৈরি করেছিল তা অপসারণ করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি সরকারের রেকর্ডকৃত পতিত জমি জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন, এর পাশেই একটি প্রতিষ্ঠানের খেলার মাঠ আছে। কিন্তু যে জায়গাটিতে আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে সেটা সম্পূর্ণ সরকারি ও ১৯৮০ সালের সর্বশেষ রেকর্ড অনুযায়ী পতিত জমি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের মুঠোফোনে ফোন করা হলেও সাড়া মেলেনি।

উল্লেখ্য, জেলার শাহজাদপুরে বলদিপাড়া-হলদিঘর নামে একটি খেলার মাঠে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকে কেন্দ্র করে রোববার বিকেলে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানসহ ৬ জন আহত হন। এছাড়াও ভাঙচুর করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি।

খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য উপজেলা প্রশাসন জায়গা নির্ধারণ করলে স্থানীয়রা এই উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন। তারা খেলার মাঠ রক্ষায় বেশ কিছুদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। 

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়