আহমদিয়াদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেন রেলমন্ত্রী
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘটিত হামলা, সহিংসতা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০৬টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকার মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দুপুরে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকার সালানা জলসা মাঠে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘নির্বাচন এলে ধর্মকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হয়। এর মাধ্যমে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়াতেও একই কাজ হয়েছে। এসব কাজে বিএনপি ও জামায়াত প্রত্যক্ষভাবে জড়িত থাকে। তারা নানা ইস্যু তৈরী করে দেশকে অস্থিতিশীল করতে চায়।’
তিনি আরও বলেন, ‘প্রশাসন তৎপর ছিল বলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।’ এ ঘটনায় জড়িতদের শনাক্তে প্রশাসনকে সহায়তা করতে গণমাধ্যেমকর্মীদের আহবান জানান তিনি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, আহমদিয়া সম্প্রদায়ের জামিয়া আহমদিয়ার অধ্যক্ষ মোবাশ্বের উর রহমান প্রমুখ।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আবু নাঈম/ মাসুদ