ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৪৩, ২৭ অক্টোবর ২০২৩
নাটোরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা ফজলুর রহমান ফজলকে কুপিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে কোপানো হয়। 

আহত ফজলুর রহমান ফজলের (৬২) বাড়ি উপজেলার মাধবপুর গ্রামে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলডাঙ্গা উপজেলা সেক্রেটারি ও মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং পল্লী চিকিৎসক।

আরো পড়ুন:

নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে ফজল মোটরসাইকেলে নলডাঙ্গা বাজার থেকে মাধবপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় হেলমেট পরা ৪ থেকে ৫ জন যুবক তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

আহত ফজলের ছেলে জুলফিকার আলী বলেন, ‘বাবাকে এমনভাবে কুপিয়েছে দুই পায়ের রগ কেটে গেছে। পিঠের ওপর চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন। সবাই আমার আব্বা জন্য দোয়া করবেন। এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই।’ 

নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক জিয়াউল হক জিয়া বলেন, ফজলুর রহমান ফজলের অবস্থা আশঙ্কাজনক। এখন তার জ্ঞান ফেরেনি। এই ঘটনার দুই দিন আগে উপজেলার নরশৎপুর গ্রামের জামায়াতে ইসলামীর ওয়ার্ড নেতা আলাদ্দিনকে একই কায়দায় কুপিয়েছে দুর্বৃত্তরা। এক সপ্তাহ আগে বাঁশিলা গ্রামের ইসলামী বক্তা মাওলানা আবু নওশাদ নোমানী এবং তার সঙ্গে থাকা হাজী নাসির সরকারকে পিঠিয়ে হাত ভেঙে দিয়েছে হেলমেট পরা দুর্বৃত্তরা। প্রশাসন যদি আগে এগুলো ব্যবস্থা নিত তাহলে হয়ত ফজলের ওপর আজকে এমন অবস্থা হতো না। প্রশাসনের কাছে দাবি, দ্রুত দুর্বৃত্তদের আটক করে আইনের আওতায় নিয়ে আসুন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বাড়ি ফেরার পথে জামায়াত নেতাকে কোপানোর খবর পেয়ে অপরাধীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে এখনও জানা যায়নি।
 

আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়