ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১৪ জানুয়ারি ২০২৫  
ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় আটক ৫

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার অলিয়াবাদ গ্রামের মো. আলী আব্বাসের ছেলে মো. আতিকুর রহমান (৩৬), যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. আসলাম হুসাইন (৩২), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর ছেলে তন্ময় ঢালী (২৫), একই জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের ছেলে মো. মাহাবুব খান (১৮) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. জাহঙ্গীর আলমের ছেলে মো. রাকিব হাসান (১৭)।

বিজিবি অধিনায়ক বলেন, “সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির দায়িত্বরত বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে তাদের পাঁচ জনকে আটক করা হয়।”

বিজিবি অধিনায়ক জানান, আটক মো. আতিকুর রহমান ও মো. আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লী ও কুচবিহারে। তারা নিজেদের স্ত্রীদের সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। এছাড়া তন্ময় ঢালী শ্রমিকের কাজ করত ভারতে, মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল এবং রাকিব হাসান ভারতে অবস্থান করা তার পিতা-মাতার সাথে দেখা করতে গিয়েছিল। 

বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা আজ ভোর রাতে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি তাদেরকে আটক করে।

অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক পাঁচ ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

ঢাকা/শাহীন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়