কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রামের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে এবং ফুলবাড়ী উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পেলেও এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে বিদ্যালয়ে ৯ জন শিক্ষক রয়েছে।
প্রধান শিক্ষক রিয়াজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ফুলবাড়ি উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বলেন, বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২৩ সালে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের অনুমতি পেয়েছে। এ বছর ৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তারা সবাই অকৃতকার্য হয়েছে।
তিনি আরো বলেন, বিদ্যালয়ের আশপাশের গরিব মানুষের বসবাস। পরীক্ষার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজের পাশাপাশি পড়ালেখা করছিল। বর্তমানে ওই বিদ্যালয়ে চার জন শিক্ষক ও ১৮৫ জন শিক্ষার্থী রয়েছে বলেও তিনি জানান।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শতভাগ ফেল করা বিদ্যালয়ের অবস্থা কেমন তার জানা নেই। সরেজমিনে খোঁজ নিয়ে বিদ্যালয় থেকে কেন কেউ পাস করেনি, সেটির কারণ প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হবে।
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় দিনাজপুর শিক্ষা দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় পাসের হার ৬২ দশমিক ৩৫ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫৮ জন।
ঢাকা/বাদশাহ/বকুল
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন