দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দিয়েছে অপর একটি ট্রাক। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক মনির হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার হেলপার লায়ন মিয়া (২৫)।
সোমবার (২৮ জুলাই) ভোরে শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মনির পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত লায়ন মিয়া একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত স্থানীয়দের বরাত দিয়ে জানান, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন। হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। এসময় তিনি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন।”
তিনি আরো জানান, হেলপারকে আহত অবস্থায় ট্রাক থেকে বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/এনাম/মাসুদ
কুষ্টিয়ায় আস্তানায় হামলা-আগুন, কথিত পীর নিহত