আর ৭ দিন নদী-সমুদ্রে মাছ না ধরার আহ্বান ঝালকাঠির ডিসির
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা হয়।
ইলিশের প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ সংরক্ষণে দেশের নদী-সমুদ্রে গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। এ সময় ইলিশ ধরা, বেচাকেনা, পরিবহন নিষিদ্ধ থাকবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলেদের উদ্দেশে বলেন, ‘‘দেশের স্বার্থে আগামী ৭ দিন কেউ মাছ ধরতে যাবেন না। আপনার পরিবার ও সন্তান নিশ্চয়ই চায় না, আপনি জেলে যান। দেশের স্বার্থে ইলিশ রক্ষায় আমরা এবার বেশ সিরিয়াস।’’
তিনি আরো বলেন, ‘‘পৃথিবীর ৮০ শতাংশ ইলিশ আমাদের দেশে উৎপাদন হয়। এর সম্পদ আমাদের গর্ব, তাই আমাদের দায়িত্ব এটা সংরক্ষণ ও উৎপাদন বাড়ান।’’
তিনি আরো বলেন, ‘‘একটি মা ইলিশ থেকে ১০-১১ লাখ বা তারও বেশি পোনা উৎপন্ন হয়। এই পোনা বাঁচলে আপনারাই বেশি মাছ ধরতে পারবেন, আয়ও বাড়বে। তাই আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি; দেশের ক্ষতি করব না, মা ইলিশ ধরব না।’’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল জলিল, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মৎস্য অধিদপ্তর বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান এবং ঝালকাটি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমিন তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। মতবিনিময় সভায় ওই এলাকার শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
ঢাকা/অলোক/বকুল
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন