ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চোর যেন রাষ্ট্রক্ষমতা না পায়, সেজন্য পাহারা দিতে হবে: ধর্ম উপদেষ্টা

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৫, ১ নভেম্বর ২০২৫
চোর যেন রাষ্ট্রক্ষমতা না পায়, সেজন্য পাহারা দিতে হবে: ধর্ম উপদেষ্টা

লালমনিরহাটের জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘‘চোর যেন আগামী দিনে রাষ্ট্রক্ষমতা না পায়, সেজন্য পাহারা দিতে হবে।’’ 

শনিবার (১ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘দেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং আমরা আশা করি, আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে।’’ 

ড. খালিদ হোসেন জোর দিয়ে বলেন, ‘‘সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখা অত্যন্ত জরুরি। কোনো কারণে এই ধারাবাহিকতা ভঙ্গ হলে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হবে। এ কারণেই সরকার যথাসময়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করেছে।’’ 

দেশের স্থিতিশীলতা ভঙ্গের চেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশে অস্থিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে বিভিন্ন আন্দোলন করতে পারে। এ সব যত ইস্যুই তৈরি করুন না কেন, আমরা নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত।’’

মডেল মসজিদের অনিয়ম-দুর্নীতি নিয়ে ড. খালিদ হোসেন বলেন, ‘‘দেশে প্রায় ৩৫০ মডেল মসজিদ নির্মিত হয়েছে। এসব মডেল মসজিদে যারা অনিয়ম-দুর্নীতি করেছেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’ 

তিনি আরো বলেন, ‘‘মসজিদ থেকে আলেমরা বিদ্বেষ বা হিংসা ছড়ান না, বরং তারা ভালোবাসার আহ্বান ছড়িয়ে দেন।’’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রমুখ। 

ঢাকা/সিপন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়