ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতে গ্রেপ্তার বিদেশিদের বেশিরভাগ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৮ মে ২০২৬  
ভারতে গ্রেপ্তার বিদেশিদের বেশিরভাগ বাংলাদেশি

ভারতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। আবার ভারতীয়দের হাতে নির্যাতনের শিকার বিদেশিদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন দ্বিতীয় অবস্থানে। দেশটির জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) এর প্রতিবেদনের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন শুক্রবার (৭ মে) এ তথ্য জানিয়েছে।

এনসিআরবি এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ৩ হাজার ৯১ জন বাংলাদেশি নাগরিককে কোনো না কোনো অপরাধের অভিযোগে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। সংখ্যার নিরিখে তার পরেই রয়েছে নাইজিরিয়ানরা (৫০৯ জন)। এছাড়া, ৪৭৬ জন নেপালি এবং ২৪৫ জন মিয়ানমারের নাগরিককেও ওই বছর ভারতে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

বাংলাদেশিদের বিরুদ্ধে ৩ হাজার ৯১টি মামলার মধ্যে ১ হাজার ৬৭৬টি মামলাই বিদেশি নাগরিক আইন এবং বিদেশি নাগরিক নথিভুক্তকরণ আইনে করা হয়েছে, যা মোট মামলার ৫৪ দশমিক ২ শতাংশ। এ ছাড়া, পাসপোর্ট আইনে ৪১ দশমিক ৫ শতাংশ মামলা করা হয়েছে বাংলাদেশিদের বিরুদ্ধে। নাইজিরিয়ানদের বিরুদ্ধে মামলাগুলোর প্রকৃতি আবার ভিন্ন। তাদের ক্ষেত্রে অধিকাংশ মামলাই বেআইনি মাদকদ্রব্য সংক্রান্ত। এ ছাড়া, বিদেশি নাগরিক আইনেও কিছু মামলা নাইজিরিয়ানদের বিরুদ্ধে রয়েছে ভারতে। নেপালিদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা ছাড়াও স্থানীয়ভাবে সংঘটিত অপরাধ, চুরির অভিযোগ রয়েছে।

বিদেশিদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে বেড়ে গিয়েছিল। এ ক্ষেত্রে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র, তার পরেই রয়েছে কর্নাটক। এগুলোর অধিকাংশই বিদেশি নাগরিকদের থেকে চুরি-ডাকাতির মামলা। তবে ২০২৪ সালে বিদেশি নাগরিকের উপর যৌন হেনস্থা, ধর্ষণ, খুন, অপহরণের মতো কিছু মামলাও কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ বিদেশি নির্যাতিতা পর্যটক। তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন নেপালিরা। তারপর বাংলাদেশি, মিয়ানমার এবং আমেরিকার নাগরিকদের কথা বলা হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়