কনে দেখতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
রবীন্দ্রনাথের কনে দেখা। ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি
বিয়ে করবেন, তাই কনে দেখতে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সেখানে গিয়ে এমন এক কাণ্ড ঘটালেন, যা শুনলে আজও হাসি পায়! সেখানে গিয়ে কী ঘটালেন কবি, জানেন? বলছি, তার আগে একটু বলে নেওয়া দরকার—আজ বিশ্বকবির জয়ন্তী। আজ তার গানে গানে সুদূরে ভেসে যাওয়ার দিন। কবির কবিতায় ডুব দিয়ে আশ্রয় খুঁজে নেওয়া বাঙালির দীর্ঘদিনের স্বভাব। তার প্রবন্ধ, গল্প ও উপন্যাসের চরিত্ররা একে একে উন্মোচন করে মানবজীবনের সৌন্দর্য ও কদর্যের নানা দিক। এসব নিয়ে রবীন্দ্রগবেষকদের আলোচনার শেষ নেই।
তবে আজ কথা হোক তার অন্য এক দিক নিয়ে—তার অসাধারণ রসবোধ। কথাসাহিত্যিক তাপস রায় তার ‘রসিক রবীন্দ্রনাথ’ বইয়ে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধিদীপ্ত রসিকতা, তাৎক্ষণিক জবাব আর প্রাণখোলা হাস্যরসের নানা ঘটনা। বই থেকে তুলে ধরা হলো রবীন্দ্রনাথের কনে দেখার গল্প—
‘‘রবীন্দ্রনাথ ঠাকুর মেয়ে দেখতে গিয়েছেন। দুটি অল্পবয়সি মেয়ে এসে বসল। একটি সাদাসিধে, জড়ভরতের মতো এক কোণে বসে রইল। আরেকটি যেমন সুন্দরী, তেমনি চটপটে। চমৎকার তার স্মার্টনেস। একটু জড়তা নেই। বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ। ভালো পিয়ানো বাজাল। এরপর মিউজিক নিয়ে আলোচনাও হলো।
রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে ভাবলেন, এবার পেলে হয়! এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকলেন। তিনি সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন, Here is my wife. এবং জড়ভরতটিকে দেখিয়ে বললেন, Here is my daughter.
এ ঘটনার বর্ণনা দিয়ে কবি পরবর্তী সময়ে রসিকতা করে মৈত্রেয়ী দেবীকে বলেছেন, ‘আরে তাই যদি হবে তবে ভদ্রলোকদের ডেকে এনে নাকাল করা কেন! যাক, এখন মাঝে মাঝে অনুশোচনা হয়! ...তবে শুনেছি মেয়ে নাকি বিয়ের বছর দুই পরেই বিধবা হয়েছে। তাই ভাবি ভালোই হয়েছে, কারণ স্ত্রী বিধবা হলে আবার প্রাণ রাখা শক্ত।’’
ঢাকা/লিপি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা